প্রতীকী ছবি।
কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে কর্মরত পেশাদারদের জন্য এগ্জ়িকিউটিভ এমটেক প্রোগ্রাম-এর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলতি বছরে ‘অটম সেমেস্টার’-এর জন্য এই ভর্তির আয়োজন প্রক্রিয়া শুরু করা হয়েছে। ক্লাস শুরু হবে আগামী জুলাই মাস থেকে।
প্রতিষ্ঠানের কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম সেলের তরফে এই কোর্সটির আয়োজন করা হবে। তথ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা), ডেটা সায়েন্স-সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজের জন্য সকলকে প্রশিক্ষিত করাই এই কোর্স চালুর মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা কোর্সের নানা বিষয়ে পাঠ দেবেন।
কোর্সে বিভিন্ন বিষয়ের তাত্ত্বিক পাঠ দেওয়া ছাড়াও ল্যাবরেটরি এবং প্রজেক্টের ব্যবস্থা থাকবে। যে হেতু পেশাদারদের কথা ভেবে কোর্সটি সাজানো হয়েছে, তাই সপ্তাহান্তে ক্লাসের আয়োজন করা হবে। কোর্সে মোট ৩০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ভর্তির জন্য আবেদন জানাতে পড়ুয়াদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে বিটেক, বিই, এমএসসি, এমএস অথবা এমসিএ ডিগ্রি থাকতে হবে। কোর্সের প্রতি সেমেস্টারের জন্য রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে ১০,০০০ টাকা। এ ছাড়াও প্রতি সেমেস্টারে থিওরি ক্লাস এবং প্রজেক্ট পিছু খরচও রয়েছে।
আবেদন করবেন কী ভাবে?
আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইন এবং সরাসরি, দুই মাধ্যমেই জমা দিতে হবে আবেদনপত্র। অনলাইনে ১৯ জুন এবং অফলাইনে ২৬ জুন আবেদনের শেষ দিন। ১১ জুলাই ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা হতে পারে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।