IISWBM Admission 2026

কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যুগোপযোগী বিষয় পড়ার সুযোগ, কতদিনের কোর্স?

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানের তরফে এই কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

প্রতিযোগিতার বাজারে কোনও কর্পোরেট সংস্থা কী ভাবে কাজ করে লাভের অঙ্ক বাড়াবে, তা নিয়ে একটি কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)। কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, একটি স্বল্পমেয়াদি কোর্স করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সের বিষয়— ‘সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট’। এটি এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানের তরফে এই কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন সংস্থায় কর্মরতেরা এই কোর্স করে লাভবান হবেন বলে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কোর্সটিতে থাকবে মোট দু’টি সেমেস্টার। এর পরে কোর্স সম্পর্কিত কোনও বিষয় নিয়ে দু’মাসের ‘প্রজেক্ট ওয়ার্ক’ থাকবে। কোর্সের প্রথম সেমেস্টারের ক্লাস চলবে আগামী ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। দ্বিতীয় সেমেস্টারের ক্লাস চলবে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত। ‘প্রজেক্ট ওয়ার্ক’-এর সময়সীমা নভেম্বর থেকে পরের বছর জানুয়ারি মাস পর্যন্ত। প্রথম সেমেস্টারের কোর্স ফি ৬০,০০০ টাকা। দ্বিতীয় সেমেস্টারে দিতে হবে ৫০,০০০ টাকা কোর্স ফি।

কোর্সটি পড়াবেন আইআইএসডব্লিউবিএম-এর নিজস্ব এবং অন্য প্রতিষ্ঠানের শিক্ষকেরা। এ ছাড়াও বিভিন্ন সংস্থায় কর্মরত অভিজ্ঞ পেশাদাররা ক্লাস নেবেন। ক্লাস হবে শনিবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত।

বিজ্ঞান, কলা, বাণিজ্যের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বা অন্য ক্ষেত্রের স্নাতকেরা এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন কর্মরতেরা। কোর্সে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। এ ছাড়া অফলাইনেও আবেদন জানানো যাবে। আগামী ২০ ফেব্রুয়রি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন