আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।ঈশ
রাশিবিজ্ঞান ছাড়াও অন্য নানা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের সুযোগ দেবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কলকাতা। এমনকি, গবেষণার জন্য একটি প্রোগ্রামে পড়ুয়াদের আবেদন গ্রহণও করা হবে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানে পড়ুয়ারা রাশিবিজ্ঞান, গণিত, স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ক্রিপ্টোলজি অ্যান্ড সিকিউরিটি, কোয়ালিটি রিলায়েবিলিটি অ্যান্ড অপারেশন্স রিসার্চ, স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যান্ড অ্যানালিটিক্স, এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ম্যানেজমেন্ট উইথ স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যান্ড অ্যানালিটিক্স,স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল জেনোমিক্স এবং অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারবেন। উল্লিখিত বিষয়গুলিতে ব্যাচেলর্স, মাস্টার্স এবং পিজি ডিপ্লোমা ডিগ্রি লাভের সুযোগ পাবেন তাঁরা।
এর মধ্যে বেশ কিছু কোর্সে পড়ুয়াদের জন্য বৃত্তির ব্যবস্থাও রয়েছে। সংশ্লিষ্ট কোর্সগুলি ছাড়া উল্লিখিত বিষয়ে গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপের কথাও ঘোষণা করা হয়েছে।
ব্যাচেলর অফ স্ট্যাটিস্টিক্স অনার্স (বিস্ট্যাট অনার্স)-এ ভর্তির আবেদন জানাতে পড়ুয়াদের দ্বাদশের পরীক্ষায় গণিত এবং ইংরেজি নিয়ে উত্তীর্ণ হতে হবে। বাকি কোর্সে ভর্তির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৭৫০ টাকা। মহিলা প্রার্থীদের জমা দিতে হবে ১০০০ টাকা। অসংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে আবেদনমূল্য ১৫০০ টাকা। ব্যাচেলর্স ইন স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স (বিএসডিএস) বাদে বাকি কোর্সে ভর্তির আবেদনের শেষ দিন আগামী ১৩ মার্চ। ব্যাচেলর্স ইন স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ২৮ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত।
সমস্ত কোর্সে প্রতিষ্ঠানের তরফে আয়োজিত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে। ভর্তির লিখিত পরীক্ষার হবে আগামী ১০ মে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।