AI Courses for Working Professionals

কৃত্রিম মেধায় দক্ষতা বৃদ্ধির সুযোগ কর্মরতদের জন্য, বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আইআইটি প্রতিষ্ঠানে

কৃত্রিম মেধার প্রভাবে রাতারাতি চাকরি চলে যেতে পারে, এমন আশঙ্কায় ভুগছেন অনেকেই। এই প্রযুক্তির খুঁটিনাটি শেখাতে বিশেষ পদক্ষেপ করল আইআইটি প্রতিষ্ঠান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:৩০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিশ্ব জুড়ে বহুজাতিক সংস্থাগুলিতে ছাঁটাই করা হচ্ছে কর্মীদের। কৃত্রিম মেধা বা মেশিন লার্নিং-এর সাহায্যেই দশ জনের কাজ একসঙ্গে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে চাকরি হারানোর ভয় অনেকের মধ্যেই চেপে বসছে। এমন পেশাদারদের প্রশিক্ষণ দেবে আইআইটি প্রতিষ্ঠান।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউটট অফ টেকনোলজি (আইআইটি), খড়গপুরের তরফে কর্মরতদের কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, এজেন্টিক এআই, জেনারেটিভ এআই-এর মতো প্রযুক্তির খুঁটিনাটি হাতেকলমে শেখানো হবে। এ ছাড়াও প্রতিষ্ঠানের তরফে এআই নেটিভ সফট্অয়্যার ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড এআই লিডারশিপ— এই দু’টি বিষয় পড়ার সুযোগ থাকছে।

সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রযুক্তিকে হাতিয়ার করে ব্যবসায়িক ক্ষেত্রে কী ভাবে এগিয়ে যাওয়া যায়, সফট্অয়্যার-সহ বিভিন্ন সামগ্রী তৈরির কাজে ওই প্রযুক্তির প্রয়োগ কী ভাবে করা হবে— হাতেকলমে সবই শেখানো হবে। পাশাপাশি, চাকরি পেতে এবং কাজে উন্নতির জন্য কী ভাবে পোর্টফোলিও বানাতে হবে, সেই সংক্রান্ত বিষয়েও প্রশিক্ষণ চলবে।

উল্লিখিত সব বিষয়ের ক্লাস অনলাইন মাধ্যমে করানো হবে। গণিত, রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা ওই প্রশিক্ষণ নিতে পারবেন। প্রতিষ্ঠানের অধ্যাপক এবং কৃত্রিম মেধা বিশেষজ্ঞেরা তাঁদের প্রশিক্ষণ দেবেন।

তবে প্রতিষ্ঠানের তরফে এ-ও জানানো হয়েছে, যাঁরা প্রযুক্তি নির্ভর সংস্থায় অন্তত দু’বছর চাকরি করেছেন, তাঁরাও ওই প্রশিক্ষণ নিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের কলা, বিজ্ঞান, বাণিজ্য শাখার যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। উভয় ক্ষেত্রেই স্নাতকের পরীক্ষায় প্রার্থীদের থাকতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর।

অনলাইনে আইআইটি, খড়্গপুরের পোর্টাল মারফত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে। ১৬ এপ্রিল পর্যন্ত টেকনোলজি অ্যান্ড এআই লিডারশিপ এবং ২০ এপ্রিল পর্যন্ত এআই নেটিভ সফট্অয়্যার ইঞ্জিনিয়ারিং-এর প্রশিক্ষণের জন্য আবেদন জমা দিতে পারবেন। অন্যান্য বিষয়ের জন্য আবেদনের শর্তাবলি জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট-এ নজর রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন