Summer Internship 2026

ইন্ডিয়া স্পেস ল্যাবের তরফে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচি! সুযোগ পাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠরতরা

সম্পূর্ণ প্রশিক্ষণটিই আয়োজিত হবে অনলাইনে। মূলত দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি। ৪৫ দিন ধরে চলবে। কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রক অধীনস্থ ইসরো, নাসা এবং আইআইটি-র বিশিষ্ট প্রশিক্ষক ও গবেষকেরা ক্লাস নেবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৩:০৮
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়া স্পেস ল্যাবের তরফে আয়োজন করা হয়েছে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচির। সম্প্রতি এই মর্মে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাডভান্স ড্রোন টেকনোলজি, রিমোট সেন্সিং এবং জিআইএস-সহ আরও নানা বিষয়ের পাঠ পড়ানো হবে। সম্পূর্ণ প্রশিক্ষণটিই আয়োজিত হবে অনলাইনে। মূলত এটি একটি দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি। ৪৫ দিন ধরে চলবে। কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রক অধীনস্থ ইসরো, নাসা এবং আইআইটি-র বিশিষ্ট প্রশিক্ষক ও গবেষকেরা ক্লাস নেবেন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে এখনও যাঁরা এই স্তরগুলিতে পড়াশোনা করছেন, তাঁরাও চাইলে এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণ মূল্য হিসাবে জমা দিতে হবে ৯৫০ টাকা। দু’টি ভাগে ক্লাস চলবে। প্রথম পর্বের ক্লাস শুরু হবে ১ মে থেকে, শেষ হবে ১৫ জুন। এই পর্বে ১২৭০ জন সুযোগ পাবেন। দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হবে ১৭ জুন থেকে ৪ জুলাই। এই পর্বে ১০৪৫ জন সুযোগ পাবেন। ৪৫ দিন পরে ইন্ডিয়া স্পেস ল্যাবের তরফে শংসাপত্র দেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। প্রথম পর্বের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ এপ্রিল, দ্বিতীয় পর্বের ১০ জুন।

Advertisement
আরও পড়ুন