IACS Admission 2026

বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ মিলবে আইএসিএস-এ, কারা আবেদন করতে পারবেন?

পড়ুয়াদের যোগ্যতার ভিত্তিতে মিলতে পারে মাসিক বৃত্তিও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৬
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ দেবে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। এ জন্য উত্তীর্ণ হতে হবে জাতীয় স্তরের প্রবেশিকায়। এ জন্য অনলাইনেই গৃহীত হবে আবেদনপত্র।

Advertisement

গবেষণা প্রতিষ্ঠান থেকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিএস-এমএস, এমএস এবং ইন্টিগ্রেটেড এমএস-পিএইচডি কোর্স করার সুযোগ মিলবে। পড়া যাবে অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, মেটিরিয়ালস সায়েন্সেস, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস। পড়ুয়াদের যোগ্যতার ভিত্তিতে মিলতে পারে মাসিক বৃত্তিও।

বিএস-এমএস কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের ২০২৫ বা ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমএস বা ইন্টিগ্রেটেড এমএস পিএইচডি কোর্সের ক্ষেত্রে পড়ুয়াদের বিজ্ঞান শাখার কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরতরাও জানাতে পারবেন আবেদন।

বিএস-এমএস কোর্সের ক্ষেত্রে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে ২০২৬-এ আইসার আয়োজিত অ্যাপ্টিটিউট টেস্ট (আইএটি)-এর মাধ্যমে। চলতি বছরের জ্যাম (জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স)-এর মাধ্যমে ভর্তি নেওয়া হবে রসায়ন, জীববিদ্যা, পদার্থবিদ্যা বা গণিতে স্নাতকোত্তরের কোর্সে। কম্পিউটার সায়েন্স-এ স্নাতকোত্তরের জন্য গুরুত্ব দেওয়া হবে ২০২৬ সালের গেট-এর স্কোর বা প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকার মাধ্যমে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Advertisement
আরও পড়ুন