ছবি: সংগৃহীত।
মাধ্যমিকের পুনর্মূল্যায়নের (স্ক্রুটিনি ও রিভিউ) ফলাফলে পরিবর্তন। বদল হল কৃতীদের র্যাঙ্কও। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিকের নম্বর যাচাই (স্ক্রুটিনি) এবং খাতা পুনর্মূল্যায়নের (রিভিউ) ফলপ্রকাশের পর ওই তালিকায় জায়গা পেয়েছে আরও ন’জন। পাশাপাশি, চার জনের র্যাঙ্ক পরিবর্তন হয়েছে।
গত ৮ মে ফলপ্রকাশের ৪০ দিনের মাথায় মাধ্যমিকের নম্বর যাচাই (স্ক্রুটিনি) এবং খাতা পুনর্মূল্যায়নের (রিভিউ) ফল প্রকাশিত হল। ফলপ্রকাশের পর যেখানে মেধাতালিকায় নাম ছিল ১৩১ জনের। সেখানে স্ক্রুটিনি ও রিভিউ-এর ফলপ্রকাশের পর আরও ন’জন যুক্ত হয়েছে প্রথম দশে। অর্থাৎ, প্রথম থেকে দশম স্থানাধিকারীর তালিকায় এখন রয়েছে মোট ১৪০ জন।
কী ভাবে দেখা যাবে পিপিএস ও পিপিআর-এর ফল?
পড়ুয়াদের প্রথমে https://result.wbbsedata.com এই ওয়েবসাইটে যেতে হবে।
হোমপেজ থেকেই লগ-ইন করা যাবে।
সেখানে গিয়ে লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলেও ফলাফল দেখতে পাওয়া যাবে।
পর্ষদ জানিয়েছে, এ বার থেকে প্রতিটি স্কুল উপরোক্ত পোর্টালটিতে নিজেদের ‘স্কুল লগ-ইন’ করে সম্পূর্ণ স্কুলের একটি সমন্বিত পিপিআর-পিপিএস-এর ফলাফলের পিডিএফ ডাউনলোড করতে পারবে। এ জন্য স্কুল প্রতিনিধিকে অথরাইজ়েশন লেটার এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর আসল মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হবে। শুধুমাত্র যাদের নম্বর পরিবর্তিত হয়েছে, তাদের জন্যই এই সংশোধিত নথি দেওয়া হবে।
তবে মধ্যশিক্ষা পর্ষদের আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কয়েকটি স্কুলের টাকা জমা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া সফল হয়নি বলে দেখিয়েছে যন্ত্র। পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে ৮২টি এমন স্কুলের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। শুধু নামের তালিকাই নয়, পাশাপাশি কোন স্কুলের কত টাকা বাকি রয়েছে সেই তথ্যও দেওয়া রয়েছে। সূত্রের খবর, কোনও রকম যান্ত্রিক ত্রুটির কারণে টাকা জমা না পড়ার সমস্যা হয়েছে। তাই এই প্রতিটি স্কুল যদি অফলাইনে আবেদন করে থাকে সে ক্ষেত্রে চালান এবং অনলাইনে আবেদনমূল্য জমা দিয়ে থাকলে পেমেন্ট-এর স্ক্রিনশট সঙ্গে নিয়ে নির্ধারিত আঞ্চলিক অফিসে যেতে হবে। রসিদ জমা দিলেই মিলবে মার্কশিট ও সার্টিফিকেট।
মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানিয়েছেন, আবেদন প্রক্রিয়ার সম্পন্ন করার পর যে টাকা জমা দেওয়ার রসিদ থাকবে সেটি জমা করতে হবে এই স্কুলগুলিকে। রসিদ দেখালেই সেই সব স্কুল পিপিএস-পিপিআর-এর মার্কশিট সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে আগামী ১৮ জুন থেকে ২৫ জুনের মধ্যে নিজ নিজ আঞ্চলিক অফিস থেকে সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।