প্রতীকী ছবি।
দেশজুড়ে প্রশ্নফাঁস-সহ নানা অভিযোগে জর্জরিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২১ জুনের পুনঃপরীক্ষায় কোনও রকম ফাঁক রাখতে চায় না এনটিএ। ৩ মে-র পরীক্ষা বাতিল ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বৈঠক হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে। পড়ুয়াদের সুবিধার্থে খানিক নিয়ম পরিবর্তনও যেমন করা হয়েছে, তেমনই কড়া নজরদারির হুঁশিয়ারিও দিয়েছে এনটিএ। এক নজরে দেখে নেওয়া যাক, কী কী নিয়ম জারি হয়েছে নিট-এর পুনঃপরীক্ষায়।
১) পরীক্ষার সময়: পরীক্ষা শুরু হবে ২টো থেকে, চলবে ৫টা ১৫ পর্যন্ত। পুনঃপরীক্ষায় সময়সীমা ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছে। মোট ১৯৫ মিনিট (৩ ঘণ্টা ১৫ মিনিট) করা হয়েছে। পরীক্ষার্থীরা সকাল ১১টা থেকে প্রবেশ করতে পারবেন পরীক্ষাকেন্দ্রে। বেলা দেড়টার পর থেকে কোনও পরীক্ষার্থীকেই আর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২) প্রশ্নপত্র বিতরণ: বেলা ১ট ৪৫ মিনিট থেকে ইনভিজিলেটররা পরীক্ষার বুকলেট বা প্রশ্নপত্র বিতরণ করবেন।
৩) বৈধ অ্যাডমিট কার্ড: কোনও পরীক্ষার্থীর কাছে বৈধ অ্যাডমিট কার্ড না থাকলে, তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
৪) সচিত্র পরিচয়পত্র: অ্যাডমিট কার্ডের পাশাপাশি আসল সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট অথবা সরকার থেকে দেওয়া ছবি-সহ কোনও পরিচয়পত্র) সঙ্গে রাখতে হবে।
৫) নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষাকেন্দ্রে এমন কোনও নিষিদ্ধ বস্তু বা সামগ্রী আনা যাবে না যা অসদুপায় বা নকল করার জন্য ব্যবহার করা যেতে পারে। মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ-এর মতো বৈদ্যুতীন সামগ্রী ব্যবহার করা যাবে না।
৬) খাবার ও পানীয়: পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনও জলের বোতল, চা, কফি, ঠাণ্ডা পানীয় নিয়ে যাওয়ার অনুমতি নেই। যদিও ৩ মে-এর পরীক্ষার আগের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বচ্ছ জলের বোতল নিয়ে প্রবেশ করা যেতে পারে বলেই জানানো হয়েছিল।
৭) ধূমপান নিষেধ: পরীক্ষাকেন্দ্র এবং তার আশেপাশে ধূমপান করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
৮) পোশাক: ধর্মীয় বিশ্বাসের কারণে পরিধান করা কোনও বস্তু বা পোশাক (যেমন পাগড়ি, হিজাব, ক্রস ইত্যাদি) পরার অনুমতি থাকবে। তবে সে ক্ষেত্রে তল্লাশি প্রক্রিয়ার জন্য পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের অনেক আগে পৌঁছাতে হবে। চটি বা কম হিলের জুতো পরাই সবচেয়ে উপযুক্ত বলে এনটিএ জানিয়েছিল ৩০ এপ্রিলের বিজ্ঞপ্তিতে।
পুনঃপরীক্ষার সময় অঙ্ক, বিভিন্ন গণনা বা ডায়াগ্রাম তৈরির সুবিধার্থে প্রশ্নপত্রের বুকলেটে রাফ বা খসড়া কাজ করার জায়গার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের এখন আগের দু’টি পাতার পরিবর্তে মোট চারটি ‘রাফ-ওয়ার্ক’ পাতা দেওয়া হবে। এর পাশাপাশি, বুকলেটের নকশায়ও বদল আনা হয়েছে বলে জানিয়েছে এনটিএ। আগে রাফ করার পাতাগুলি শুধু বুকলেটের একদম শেষেই দেওয়া থাকত। তবে, বাঁ-হাতি পরীক্ষার্থীদের জন্য কিছুটা অস্বস্তিকর ছিল এই বিষয়টি। এই সমস্যার সমাধানে এখন দু’টি রাফ-ওয়ার্ক পাতা বুকলেটের শুরুতে রাখা হচ্ছে। বুকলেটে নির্দেশাবলির ঠিক পরেই রাখা হয়েছে দু’টি পাতা এবং বাকি দু’টি পাতা আগের মতোই শেষে থাকবে। এই সংশোধিত বুকলেটের নকশাটি ইংরেজি এবং সমস্ত আঞ্চলিক ভাষার প্রশ্নপত্রেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিট ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার সততা নষ্ট করতে বা কোনও রকম বিঘ্ন ও কারচুপি ঘটানোর চেষ্টা করলে, সেই ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ও পূর্ণ শক্তি প্রয়োগ করে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন।
নিট ইউজি নেওয়া হবে দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে। ইতিমধ্যেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ হয়ে গিয়েছে। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী ফের পরীক্ষায় বসতে চলেছেন, লক্ষ্য চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করা। তবে প্রথম দিনেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হওয়ার অভিযোগ ওঠে। তারপরই এনটিএ-র তরফে এক্স হ্যান্ডল মারফত জানানো হয়, পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করার কাজ চলছে। সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় ওয়েবসাইট-এ সমস্যা দেখা দিয়েছে। তাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি অনেকেই, স্বীকার করেছে এনটিএ।