প্রতীকী চিত্র।
শনিবার শুরু হল ডেন্টাল সার্জারিতে স্নাতকোত্তরের প্রবেশিকার আবেদন প্রক্রিয়া। ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশনস ইন মেডিক্যাল (এনবিইএমএস)-এর তরফে এমনই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট মেডিক্যাল ইন ডেন্টাল সার্জারির (নিট এমডিএস) জন্য নির্ধারিত ওয়েবসাইটেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।
এনবিইএমএস-এর সূচি অনুযায়ী, ২০২৬-এর নিট এমডিএস পরীক্ষা হবে ২ মে। এ জন্য আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন জানানো যাবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ২,৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ৩,৫০০ টাকা। আবেদনপত্রের ভুল সংশোধন করা যাবে ৪ থেকে ৬ জুনের মধ্যে। আবেদনপত্রের নির্বাচিত অংশ আরও এক বার সংশোধন করা যাবে ২১ থেকে ২২ এপ্রিলের মধ্যে। কোন কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে, সে সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে ২২ এপ্রিল। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ২৯ এপ্রিল।
কী ভাবে আবেদন জানাবেন?
১। পরীক্ষার্থীদের natboard.edu.in -এ যেতে হবে।
২। সেখানে ‘নিট এমডিএস রেজিস্ট্রেশন ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। লিঙ্কে ক্লিক করে পরীক্ষার্থীদের সব তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
৪। এর পর পূরণ করতে হবে পরীক্ষার আবেদনপত্র এবং জমা দিতে হবে আবেদনমূল্য।
৫। শেষে আবেদনপত্র জমা দিয়ে সেটির একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
উল্লেখ্য, যাঁরা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। পাশাপাশি, থাকতে হবে এক বছরের ইন্টার্নশিপ এবং রাজ্য বা কেন্দ্রীয় ডেন্টাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেটও।