প্রতীকী চিত্র।
গত ফেব্রুয়ারিতেই আয়োজন করা হয়েছে চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)। আগামী সপ্তাহেই প্রকাশিত হবে গেট-এর ফলাফল। পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল আইআইটি গুয়াহাটি। গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং বিজ্ঞানের নানা বিষয়ের উচ্চশিক্ষার সুযোগ মিলবে। ভর্তি হওয়া যাবে স্নাতকোত্তর-এ বা মিলবে পিএইচডি-র সুযোগ।
গেট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে আইআইএসসি, আইআইটি, এনআইটি, আইআইআইটি-র মতো প্রথম সারির প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মেলে। ভর্তি হওয়া যায় এমই, এমটেক, এমএস অথবা পিএইচডি প্রোগ্রামে। মেলে সাম্মানিক ও বৃত্তিও। কিন্তু শুধু যে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষার নম্বর গুরুত্ব পায়, এমন নয়। বিদেশের অনেক নামী ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়া ভর্তি নেওয়া হয়।
এই তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়া এবং ইউরোপের দু’টি দেশ। সিঙ্গাপুর এবং জার্মানি-তে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে গেট-এর নম্বরকে প্রাধান্য দেওয়া হয়।
১। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে গেট-এর নম্বরের মাধ্যমে কেমিক্যাল ও বায়োমেডিক্যাল, সিভিল ও এনভায়রনমেন্টাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, মেটিরিয়ালস সায়েন্স এবং মেকানিক্যাল ও এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষা করা যায়।
২। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের স্নাতকোত্তরে ভর্তির সুযোগ মেলে গেট-এর নম্বরের মাধ্যমে। ভর্তি হওয়া যায় পিএইচডি-তেও। পড়ুয়ারা অ্যাপ্লায়েড জিয়োফিজ়িক্স, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মিডিয়া ইনফরমেটিক্স, মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর মতো নানা বিষয় পড়তে পারেন।
৩। মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে গেট-এর মাধ্যমে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ মেলে। পড়া যায় ডেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যানালিটিক্স, কম্পিউটেশনাল মেকানিক্স, ম্যাথমেটিক্স ইন ডেটা সায়েন্স, ইনফরমেটিক্স, সফটঅয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, রোবোটিক্স, বায়োমেকানিক্যাল, এরোস্পেস, অটোমোটিভ, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়।
৪। জার্মানির আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়েও বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং-এর নানা কোর্সে ভর্তি হওয়া যায় গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। পড়া যায় অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, সফটঅয়্যার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, মিডিয়া ইনফরমেটিক্স, বায়োমেডিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
এ ছাড়া, বিদেশের অন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার আবেদনের সময়ে জীবনপঞ্জিতে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এমনকি ওই সব দেশে বৃত্তি বা সাম্মানিক পাওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধা মেলে।