কোন পরিস্থিতি নিয়ে উদ্বেগে দীপিকা? ছবি: সংগৃহীত।
সবে একে পা দিল দীপিকা পাড়ুকোনের মেয়ে দুয়া পাড়ুকোন সিংহ। এই মুহূর্তে হাতে নতুন কোনও কাজ নিচ্ছেন না অভিনেত্রী। এমনিতেই মা হওয়ার পর আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত রেখেছেন অভিনেত্রী। তাতে বিতর্কও হয়েছে। দু’টি গুরুত্বপূর্ণ ছবি থেকে বাদও পড়েছেন। যদিও প্রতি বার প্রকাশ্যে কিছু না বললেও আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তিনি আপাতত মেয়ে দুয়ার সঙ্গে সময় কাটাতে চান। কিন্তু এ বার মুম্বইয়ের পরিবেশ নিয়ে উদ্বেগে তিনি। মুম্বইয়ের বাতাসের গুণমান দেখে ছোট ছোট শিশুদের নিয়ে আশঙ্কায় অভিনেত্রী।
দীপিকা নিজের সমাজমাধ্যমের পাতায় বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মুম্বই পুরসভা) এবং বিএমসি জনস্বাস্থ্য বিভাগকে ট্যাগ করে শহরের বর্তমান বাতাসের মান বৃদ্ধি করার অনুরোধ করেছেন। বিএমসি কর্তৃপক্ষ কয়েকদিন আগে কিছু নির্মাণস্থলে সংশ্লিষ্ট নির্মাণকারীদের নোটিস পাঠিয়ে শহর জুড়ে সেই সব কাজ বন্ধ করে দিয়েছেন। তার কিছুক্ষণের মধ্যেই মুম্বইয়ের বাতাসের মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) উন্নত হয়েছে বলে খবর।
অভিনেত্রী শহরের মানচিত্রের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে খারাপ ইনডেক্স দেখানো হয়েছে। তিনি লিখেছেন, ‘‘এই শহর (এবং এর শিশুদের) দম বন্ধ হয়ে যাচ্ছে! কিছু করুন।’’
এর আগে দিল্লির বাতাসের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পরিণীতি চোপড়া। তিনিও সদ্য মা হয়েছেন। সন্তানদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠার জন্য বার বার এ ভাবেই সরব হচ্ছেন বলিউডের অভিনেত্রীরা।