প্রতীকী চিত্র।
মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা। আর পরীক্ষা কেন্দ্রের ঢিল ছোড়া দূরত্বে খোলা রয়েছে জেরক্সের দোকান। মধ্যশিক্ষা পর্ষদের তৎপরতায় বন্ধ করা হল সেই দোকানগুলি।
মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর স্কুলে কেমন পরীক্ষা চলছে তা পরিদর্শনে জন্য বের হন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আর সেই সময় মধ্য কলকাতার শেখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের বাইরে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জেরক্সের দোকান খোলা থাকতে দেখা যায়। তা চোখে পড়ে সভাপতির। তখন তিনি নিজে দোকানে এসে ধমক দিয়ে পুলিশ ডেকে সেই দোকানগুলি বন্ধ করান।
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট ভাবে গাইডলাইন দেওয়া রয়েছে, পরীক্ষার দিনগুলিতে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী জেরক্সের দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বিশেষ করে যে সমস্ত জেরক্সের দোকান পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তাদের ক্ষেত্রে আরও বেশি কড়াকড়ির নির্দেশ রয়েছে।
এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "আমাদের স্পষ্ট নির্দেশ রয়েছে যে পরীক্ষা চলার সময় পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও জেরক্সের দোকান খুলে রাখা যাবে না। তারপরেও এই তিনটি দোকান খোলা ছিল। আমি পুলিশ দিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছি।"