West Bengal Election 2026

রাজ্যের আরও দুই সচিবকে ভিন্‌রাজ্যে পাঠাল নির্বাচন কমিশন! নিযুক্ত হলেন ভোট পর্যবেক্ষণের কাজে

মঙ্গলবার পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে অন্য রাজ্যের পর্যবেক্ষক করে পাঠানোর কথা জানিয়েছে কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:৪৩

— প্রতীকী চিত্র।

রাজ্যের আরও দুই সচিবকে অন্য রাজ্যে পাঠাল নির্বাচন কমিশন। অন্য রাজ্যের ভোটে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে প্রিয়ঙ্কা শিঙ্গলা এবং পি মোহনগান্ধীকে। প্রিয়ঙ্কা বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের সিনিয়র বিশেষসচিব। মোহনগান্ধী শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ বিভাগের সচিব তথা পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন এবং বাণিজ্য কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর।

Advertisement

পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। আদর্শ নির্বাচনী বিধি জারি হয়েছে। এই পরিস্থিতিতে আরও দুই দফতরের সচিবকে ভিন্‌রাজ্যে পাঠাল নির্বাচন কমিশন। মঙ্গলবার পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে অন্য রাজ্যের পর্যবেক্ষক করে পাঠানোর কথা জানিয়েছে কমিশন। তার আগে রাজ্যের অপসারিত স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে অন্য রাজ্যে ভোট-পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, রাজ্যের দুই দফতরের সচিব অন্তরা এবং পারভেজ কমিশনকে চিঠি দেন। তাঁরা চিঠিতে আবেদন জানান, তাঁদের অন্য রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। ওই আধিকারিকদের বক্তব্য, দু’টি গুরুত্বপূর্ণ দফতরের কাজ সারা বছর ধরে চলে। এই অবস্থায় সচিবদের সরিয়ে দিলে কাজে প্রভাব পড়তে পারে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চিঠিতে আরও চার জন বিকল্প আধিকারিকের নাম জমা দিয়েছেন ওই দু’জন। তাঁদের আবেদন, ওই আধিকারিকদের ভিন্‌রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানো হোক। এ বার আরও দুই সচিবকে ভিন্‌রাজ্যে পর্যবেক্ষক করে পাঠাল কমিশন।

Advertisement
আরও পড়ুন