Mamata Banerjee’s Election Campaign

‘সাত বিচারককে আটকে রাখার নেপথ্যে বহিরাগতেরা’! কমিশন, বিজেপি-কে দুষে মমতার মুখে সিআইডির তৎপরতার প্রশংসা

শুক্রবার মমতার তিনটি জনসভা ছিল। দক্ষিণ দিনাজরপুরের হরিরামপুর থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হয়ে মালদহে শেষ সভা করেন তিনি। প্রত্যেক সভাতেই মালদহের ঘটনার প্রসঙ্গ এসেছে তাঁর বক্তৃতায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২২:২৫
Mamata Banerjee sees outsiders involved in the incident of protesting to judges in Malda

মালদহের ঘটনা নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নির্বাচনী প্রচারে গিয়ে আবার ‘বহিরাগত-অস্ত্রে’ শান দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের মোথাবাড়িতে সাত বিচারককে আটকে রেখে বিক্ষোভের নেপথ্যে বহিরাগতদের যোগ দেখছেন তিনি। মালদহে দাঁড়িয়ে নাম না-করে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-কে কটাক্ষ করেছেন মমতা। তাঁর স্পষ্ট অভিযোগ, ‘‘হায়দরাবাদ থেকে এসেছে বিজেপির কোকিল। তার সঙ্গে কিছু সাম্প্রদায়িক লোকজন। মালদহে তারাই এ সব করছে।’’ মালদহের ঘটনার তদন্তের কৃতিত্ব রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-কে দিলেন তৃণমূলনেত্রী। তাঁর দাবি, মালদহে যে এই ঘটনা ঘটিয়েছেন, তাঁকে বাগডোগরা থেকে গ্রেফতার করেছে সিআইডি-ই! উল্লেখ্য, এই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ।

Advertisement

শুক্রবার মমতার তিনটি জনসভা ছিল। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হয়ে মালদহে শেষ সভা করেন তিনি। প্রত্যেক সভাতেই মালদহের ঘটনার প্রসঙ্গ এসেছে তাঁর বক্তৃতায়। মমতার অভিযোগ, “বিজেপি ধার করে মিমকে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সঙ্গে। কংগ্রেসেরও উস্কানি আছে। আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা পয়সা নিয়ে ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল। বুধবার ওরা অশান্তি করেছে।”

মালদহের সভায় বিচারকদের আটকে রাখার ঘটনা নিয়ে আক্রমণের তেজ কয়েক গুণ বাড়িয়ে দেন মমতা। তাঁর দাবি, ‘‘মালদহের একটা ঘটনা বাংলার সম্মান নষ্ট করে দিয়েছে। স্থানীয় লোকেরা এর জন্য দায়ী নন। তাঁদের ক্ষোভ থাকতেই পারে। হায়দরাবাদ থেকে এসেছে বিজেপির কোকিল। তার সঙ্গে কিছু সাম্প্রদায়িক লোকজন। মালদহে তারাই এ সব করছে। আমরা হাতেনাতে ধরেছি। বিমানবন্দর থেকে সিআইডি ধরেছে। বিচারকদের কারা আটকে রেখেছিল? বহিরাগতেরা।’’

শুধু ওয়েইসি-কে নয়, ভোটপ্রচারে মমতা ক্রমাগত বিজেপি-কেও আক্রমণ করেছেন। চ্যালেঞ্জ ছুড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এক মঞ্চে বিতর্কে আহ্বান জানিয়েছেন মমতা। তাঁর চ্যালেঞ্জ, ‘‘মুখোশ আমি টেনে খুলে দেব। উনি আগে থেকে বক্তৃতা লিখে রাখেন। টেলি প্রম্পটার ছাড়া একটা কথাও বলতে পারেন না। বিজেপিকে বেলাইন করার জন্য আমরা এ বার ভোটের লাইনে দাঁড়াব।’’ একই সঙ্গে অনুপ্রবেশকারী-প্রশ্নে মোদীর উদ্দেশে মমতা বলেন, ‘‘মালদহ শহরের লোকসভায় দু’টি আসন। একটা কংগ্রেস, একটা বিজেপি জিতেছে। ২০২৪ সালের ভোটার তালিকায় যদি অনুপ্রবেশকারী থেকে থাকে, তবে আপনিও তাঁদের ভোটে জিতেছেন। আপনি আগে পদত্যাগ করুন।’’

বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি জানান, ভোটের আগে ১৫ দিন রাজ্যে থাকবেন। তা নিয়ে মমতার কটাক্ষ, “ভয় দেখাতে বলছে ১৫ দিন থাকব। তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ, তোমার মুখে অত্যাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন।”

‘ভোট কাটার খেলা’ খেলছেন ওয়েইসি! দাবি করেন মমতা। তাঁর অভিযোগ, ‘‘ভোট কাটার খেলা চলছে। হায়দরাবাদ থেকে আসছে ভাই, সঙ্গে আছে গদ্দার ভাই। ডিটেনশন ক্যাম্প না চাইলে আমাদের সঙ্গে থাকুন। আমার মন বলছে, বিজেপি শীঘ্রই বিদায় নেবে। তার জন্য বাংলার ভোট আমাদের জেতা জরুরি। কাকের ঘরেই কোকিল জন্মায়। আম বা আমসত্ত্ব দিয়ে দেবেন। কিন্তু ভোট দেবেন না।’’

একই সঙ্গে দলীয় কর্মী-কাউন্সিলরদের সতর্ক করেছেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, ‘‘কর্মীরাই দলের সম্পদ। যাঁরা বিএলএ এজেন্টের কাজ করেন, মিছিল মিটিং করেন, লড়াইয়ের ময়দানে থাকেন, পালিয়ে যান না, তাঁরাই দলের সম্পদ।’’ তার পরেই মমতার সতর্ক বার্তা, ‘‘অহঙ্কার চলে এলেই দুর্বলতা বাড়বে।’’ কাউন্সিলদের উদ্দেশে মালদহের সভা থেকে মমতা বলেন, ‘‘কারও কথা শুনে নিজের দায়িত্ব এড়াবেন না। তৃণমূলের প্রার্থী মানে সরকার আমি গড়ব। আমার প্রতি ভরসা যদি থাকে, আগামী দিনে আপনারা সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন।’’

রাজ্য সরকারের নাম করে প্রতারণার অভিযোগেও সকলকে সতর্ক করেছেন মমতা। তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের পক্ষ থেকে আসছি বলেও যদি কেউ আপনাদের কাছে আসে, অ্যাকাউন্ট নম্বর চায়, ভুলেও দেবেন না। সব কেড়ে নেবে। ওটা বিজেপি ছদ্মবেশে করছে। ভোটের সময় ভুল করেও এ সব করবেন না।’’

Advertisement
আরও পড়ুন