West Bengal Assembly Election 2026

কলকাতার দুই ডিসি-কে শো কজ় করল লালবাজার! শুভেন্দুর মনোনয়ন ঘিরে শাহের সামনে অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ

বুধবার ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে শুভেন্দু মনোনয়ন জমা দিয়েছেন। হাজরা মোড় থেকে রোড শো করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন অমিত শাহ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিস্তর অশান্তি হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৭:৫৩
আলিপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।

আলিপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। ছবি: পিটিআই।

কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে শো কজ় করল লালবাজার। বুধবার ভবানীপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে অশান্তি হয়েছে, তার প্রেক্ষিতেই দুই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। সূত্রের খবর, কলকাতা পুলিশের ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে শো কজ় করা হয়েছে। তাঁরা বুধবার ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কী ভাবে ওই পরিস্থিতি তৈরি হল, কেন জমায়েত করতে দেওয়া হল, কারণ দর্শাতে হবে এই দুই আধিকারিককে।

Advertisement

বুধবার ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে শুভেন্দু মনোনয়ন জমা দিয়েছেন সার্ভে বিল্ডিংয়ে। তার জন্য হাজরা মোড় থেকে রোড শো করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুদের এই মিছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যায়। এই সময়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মুখ্যমন্ত্র্রীর পাড়ায় তৃণমূলের কর্মী-সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি কর্মীদের সঙ্গে তাঁরা বচসা, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। কিছু ক্ষণের মধ্যে দু’পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়েছে পুলিশ।

বুধবারের ঘটনায় নির্বাচন কমিশন আগেই ক্ষোভ প্রকাশ করেছিল। বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে ভর্ৎসনা করেন তিনি। বলেন, ‘‘আইপিএস অফিসার হয়ে কলকাতা সামলাতে পারছেন না? আপনাকে কি প্রশিক্ষণ দিতে হবে?’’ ওই গোলমালের ঘটনায় কালীঘাট এবং আলিপুর থানায় পৃথক ভাবে তিনটি অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে পুলিশ এফআইআর করে। দু’টি এফআইআর করা হয়েছে স্বতঃপ্রণোদিত ভাবে। কমিশনের আধিকারিকদের অভিযোগের ভিত্তিতেও পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ রয়েছে মূলত বেআইনি জমায়েত, স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি এবং সরকারি নির্দেশিকা লঙ্ঘনের। অভিযোগ, বৃহস্পতিবার বিজেপির কর্মসূচিতে পুলিশের অনুমতি আগে থেকেই নেওয়া ছিল। তবে তৃণমূলের তরফে কোনও জমায়েতের অনুমতি ছিল না বলে দাবি বিজেপির। সেই ঘটনাতেই দায়িত্বে থাকা দুই ডিসি-কে শো কজ় করা হল।

Advertisement
আরও পড়ুন