Security of Judges

বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে, বৈঠকে কলকাতা হাই কোর্টকে আশ্বস্ত করলেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব

মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রেখে বিক্ষোভের ঘটনার পর রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষের সঙ্গে বৈঠক করেন হাই কোর্টের রেজিস্ট্রার। দুপুর ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সেই বৈঠক হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২১:২৯
Meeting held at Calcutta High Court regarding security of judges

(বাঁ দিকে) মোথাবাড়ির ঘটনায় অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম এবং বুধবার অগ্নিগর্ভ মোথাবাড়ি (ডান দিকে)। — ফাইল চিত্র।

মালদহের কালিয়াচকে অবরোধ-বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তির কাজে যুক্ত বিচারেকদের নিরাপত্তায় কি এ বার কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে? শুক্রবার কলকাতা হাই কোর্টের বৈঠকে উঠেছে সেই প্রশ্ন। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের তরফে জানানো হয়, সকল বিচারককে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।

Advertisement

শুক্রবার রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষের সঙ্গে বৈঠক করেন হাই কোর্টের রেজিস্ট্রার। দুপুর ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সেই বৈঠক হয়। বৈঠকের মূল বিষয়ই ছিল, বিচারকদের কি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হবে? হাই কোর্ট সূত্রে খবর, বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তির কাজে নিযুক্ত সকল বিচারকের নিরাপত্তা আঁটোসাঁটো করা নিয়ে আলোচনা হয়। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে কি না, সেই বিষয়ও উঠে আসে শুক্রবারের বৈঠকে। রাজ্য আশ্বস্ত করেছে, সকল বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার।

সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। বাদ যাওয়া ভোটারেরা এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ট্রাইবুনালের কাজ এখনও শুরু হয়নি। শনিবার থেকে ভার্চুয়ালি ট্রাইবুনালের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহের ঘটনার পর ট্রাইবুনালের দায়িত্বে থাকা প্রাক্তন বিচারপতিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। শুক্রবারের বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
আরও পড়ুন