WB Assembly Election 2026

‘কমিশনের হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে অভিষেকপত্নীকে নিয়েও নির্দেশ’! স্ক্রিনশট দিয়ে তৃণমূলের দাবি, কষা হচ্ছে নেতাদের নিশানার ছক

কমিশন তার অধীনস্থ আধিকারিক এবং কর্মীদের হোয়াট্‌সঅ্যাপে যাবতীয় নির্দেশ দেয়! তৃণমূলের এই অভিযোগ নতুন নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:৫৮
TMC alleges that the Election Commission has ordered to include of Abhishek Banerjee\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s wife from WhatsApp chat

(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়েও নাকি হোয়াট্‌সঅ্যাপের গ্রুপে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন! শুধু অভিষেকের স্ত্রী নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলীয় সকল নেতামন্ত্রীর গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলল তৃণমূল। বাদ দেওয়া হয়নি অভিষেককেও! হোয়াট্‌সঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূলের অভিযোগ, কমিশনের সন্দেহ, অভিষেকের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। সেই কারণে অভিষেক, তাঁর স্ত্রী-সহ তৃণমূলের সকলের গাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাতে বলে কমিশন। তৃণমূলের এই অভিযোগকে ঘিরে ভোটের মুখে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

কমিশন তার অধীনস্থ আধিকারিক এবং কর্মীদের হোয়াট্‌সঅ্যাপে যাবতীয় নির্দেশ দেয়! এই অভিযোগ নতুন নয়। এসআইআর পর্বে বার বার এ ধরনের অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। মমতা, অভিষেক প্রায়ই সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। অভিযোগের পর সাফাইও দিয়েছে কমিশন। তাদের দাবি ছিল, কাজের সুবিধার্থে হোয়াট্‌সঅ্যাপে কিছু নির্দেশ দেওয়া হয়। এতে ভুল কিছু নেই।

ভোট ঘোষণার আগে থেকেই তৃণমূল এবং কমিশনের দ্বৈরথ দেখছে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ। এ বার সেই পারদ কয়েকগুণ চড়িয়ে দিল তৃণমূল। তারা যে স্ক্রিনশট প্রকাশ করেছে, তাতে কয়েকটি নির্দেশের কথা রয়েছে। স্ক্রিনশট অনুযায়ী, কমিশন নাকি পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষকদের কিছু নির্দেশ দিয়েছে। সেই নির্দেশে প্রথমে বলা হয়েছে, মেডিক্যাল ক্যাম্পের আড়ালে টাকা বিলি হচ্ছে। নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মগরাহাট-২, ডায়মন্ড হারবার-১ ও ২ ব্লক, ফলতা এবং লালবাগে যে সব রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে সেগুলি তল্লাশি করতে হবে।

তৃণমূলের দাবি, কমিশন জানিয়েছে, ঝাড়খণ্ড, বিহার এমনকি নেপাল দিয়েও টাকা ঢুকতে পারে। সে দিকে কড়া নজর রাখার বার্তা দেওয়া হয়েছে। তার পরেই কমিশন নাকি অভিষেকের স্ত্রীকে নিয়ে নির্দেশ দিয়েছে হোয়াট্‌সঅ্যাপে!

কী রয়েছে ওই চ্যাটের স্ক্রিনশটে? কমিশন নাকি জানিয়েছে, অভিষেকের স্ত্রী টাকা পাচারের সঙ্গে যুক্ত! তৃণমূলের অভিযোগ, টাকা পাচারের দাবি করে কমিশন নির্দেশ দিয়েছে গোটা দিন তৃণমূলের সব নেতামন্ত্রী, যাঁরা সুরক্ষা-নিরাপত্তা পান চেকিং পয়েন্টে তাঁদের গাড়ি তল্লাশি করতে হবে। ওই নির্দেশে অভিষেক এবং তাঁর স্ত্রীর নাম আলাদা করে উল্লেখ রয়েছে বলে দাবি তৃণমূলের। কমিশন জানিয়েছে, পর্যবেক্ষকদের সাহায্য করতে হবে পুলিশ এবং সিএপিএফ-কে। আর এই ধরনের ‘সারপ্রাইজ়’ তল্লাশির উপর কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে।

দু’টি স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে কমিশন দলীয় নেতাদের নিশানা করছে। শুধু নেতামন্ত্রী নন, তাঁদের পরিবারের সদস্যদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। কমিশনের নিশানায় অভিষেক এবং তাঁর স্ত্রীও রয়েছেন। পাশাপাশি, তৃণমূলের প্রচার সংক্রান্ত যাবতীয় জনসংযোগমূলক কর্মসূচিকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের শাসকদল যে স্ক্রিনশট প্রকাশ করেছে, তাতে অভিষেকের নাম ইংরেজিতে দু’রকম লেখা রয়েছে। আর নামের সঙ্গে কোনও পদবির উল্লেখ নেই। অর্থাৎ, ওই স্ক্রিনশটে যে অভিষেকের উল্লেখ রয়েছে, তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না, তা স্পষ্ট নয়। এমনকি, তাঁর স্ত্রীর কথা থাকলেও নাম উল্লেখ করা হয়নি।

Advertisement
আরও পড়ুন