WB Assembly Election 2026

ভোট গণনায় রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিলেন মমতা ও অভিষেক, ব্যারাকপুর-দমদমের পর্যবেক্ষক প্রাক্তন পুলিশকর্তা

শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকেই গণনার দিন জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৮:০০
TMC appoints Rajeev Kumar as counting observer for Barrackpore-Dumdum on counting day, Monday

(বাঁ দিক থেকে) মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাজীব কুমার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজি রাজীব কুমার এখন তৃণমূলের ‘নেতা’। রাজ্যসভার সাংসদও বটে। সেই রাজীবকে এ বার বিধানসভার ভোট গণনার দিন অর্থাৎ, সোমবার গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দিল তৃণমূল। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হল রাজীবকে। শুধু দমদম-ব্যারাকপুর নয়, রাজ্য জুড়ে তৃণমূলের সাংগঠনিক জেলা ধরে ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগ করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা-অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকেই গণনার দিন জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। সেখানে সাংগঠিক জেলা ধরে ধরে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই রাজীবের দায়িত্বের কথা আলাদা করে উল্লেখ করেছেন অভিষেক, এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে। জানা গিয়েছে, ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা-সাংসদ দীপক অধিকারীকে (দেব) এবং মেদিনীপুরে সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হয়েছে জুন মালিয়াকে।

গত লোকসভা নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনের জন্য গণনার কাজে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল। অভিষেকের পরিকল্পনাতেই তেমন পর্যবেক্ষক পাঠানো হয়েছিল। যেমন, তমলুক কেন্দ্রে পাঠানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে, আরামবাগের দায়িত্বে ছিলেন শান্তনু সেন এবং বাঁকুড়া লোকসভায় গণনা পর্যবেক্ষণে গিয়েছিলেন সমীর চক্রবর্তী। অনেকে ভেবেইছিলেন এ বারও একই পথে হাঁটতে পারে তৃণমূল। সেই সম্ভাবনাই সত্যিই হল শনিবারের বৈঠকে।

শনিবারের বৈঠক ছিল মূলত গণনার দিন তৃণমূলের রণকৌশল ঠিক কী হবে, তা দলের কাউন্টিং এজেন্টদের মধ্যে পৌঁছে দেওয়া। শুধু তা-ই নয়, বুথফেরত সমীক্ষা যেন কোনও ভাবেই কাউন্টিং এজেন্টদের মনোবল ভেঙে দিতে না-পারে, তার বার্তা দেওয়া। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে মমতা-অভিষেক দলীয় কর্মীদের উদ্দেশে জানান, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তাঁরা এ-ও জানান যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল।

গত ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে অবসর নেন রাজীব। তার প্রায় এক মাস পরে, ২৭ ফেব্রুয়ারি তৃণমূল ঘোষণা করে, প্রাক্তন ডিজি রাজীবকে তারা রাজ্যসভায় পাঠাচ্ছে। এর পরে চলতি মাসেরই ৭ তারিখ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেন রাজ্যের প্রাক্তন পুলিশপ্রধান। এ বার তিনি দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক। এটাই প্রথম তৃণমূলের কোনও সাংগঠনিক দায়িত্ব পালন করতে চলেছেন রাজীব।

Advertisement
আরও পড়ুন