West Bengal Elections 2026

‘গ্যাসের অভাবে কী অবস্থা বলুন দেখি’! ভোটারের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতে কৌশলী প্রচার তৃণমূলের পার্থের

প্রচারের ময়দানে অভিনবত্ব আনতে চেষ্টার কসুর করছেন না কোনও প্রার্থী। বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা ভোটারের দাড়ি কামিয়ে দিয়েছেন। আরামবাগ মেডিক্যাল কলেজে হাসপাতালের প্রবেশপথে জমা জল পরিষ্কার করতে করতে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন সেখানকার সিপিএম প্রার্থী বীথিকা পণ্ডিত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৯:৪৫
ভোটারের রান্নাঘরে ঢুকে রুটি বেলছেন তৃণমূল প্রার্থী।

ভোটারের রান্নাঘরে ঢুকে রুটি বেলছেন তৃণমূল প্রার্থী। —নিজস্ব ছবি।

প্রচারে বেরিয়ে পাড়ার মোড়ে গিয়েছেন। মুদির দোকান থেকে ঘুরে বাড়ি বাড়ি জনসংযোগ করতে গিয়ে এক গৃহস্থের হেঁশেলে ঢুকে পড়লেন বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। গৃহকর্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে রুটিও বেলে ফেললেন পুরশুড়ার পার্থ। রুটি বেলে বাইরে বেরিয়ে রান্নার গ্যাসের সমস্যা নিয়ে আঙুল তুললেন তিনি।

Advertisement

সিলিন্ডার সমস্যা নিয়ে মোদী সরকারকে ক্রমান্বয়ে নিশানা করছে তৃণমূল। নির্বাচনী প্রচারে রান্নার গ্যাসের অভাবকে ইস্যু করে হুগলির পুরশুড়ার তৃণমূল প্রার্থী বলেন, ‘‘দেখুন, গ্যাস পাওয়া যাচ্ছে না। উনুন ধরিয়ে রুটি সেঁকতে হচ্ছে। আমি নিজে রান্না করে খাই। ওই দিদিভাইকে রুটি বেলতে দেখে আমার মনটা কেমন হয়ে গেল। আমি ভোট চাইতে গিয়ে রুটি বেলে দিয়ে এসেছি। ওঁর কাছ থেকে একটাই কথা শুনলাম, গ্যাসের অভাব।’’ রবিবার পার্থ গিয়েছিলেন পুরশুড়া-২ অঞ্চলের পালপাড়া এলাকায়। প্রার্থীকে রুটি বেলতে দেখে কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়। তাঁরা হেঁশেলের মধ্যেই ‘জয় বাংলা’, ‘বন্দেমাতরম্’ স্লোগান দিতে শুরু করেন।

পার্থের মতো রুটি না-বেললেও প্রচারের ময়দানে অভিনবত্ব আনতে চেষ্টার কসুর রাখছেন না কোনও প্রার্থী। বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা ভোটারের দাড়ি কামিয়ে দিয়েছেন। আরামবাগ মেডিক্যাল কলেজে হাসপাতালের প্রবেশপথে জমা জল পরিষ্কার করতে করতে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন সেখানকার সিপিএম প্রার্থী বীথিকা পণ্ডিত। তাঁর অভিযোগ, শনিবার রাতে সামান্য বৃষ্টিতেই মেডিক্যাল কলেজের রাস্তায় জল জমে গিয়েছে। নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগী এবং পরিজনদের। প্রার্থীকে বালতি হাতে জল পরিষ্কার করতে দেখে পতাকা কাঁধে নিয়েই হাত লাগান নেতা-কর্মীরা।

সাইকেল নিয়ে প্রচারে অগ্নিমিত্রা পাল।

সাইকেল নিয়ে প্রচারে অগ্নিমিত্রা পাল। —নিজস্ব ছবি।

ভোট মানে একদা ছিল মাইক, মঞ্চ আর প্রতিশ্রুতির ঝড়। সময়ের সঙ্গে সঙ্গে প্রচারেও প্রক্রিয়াতেও বদল এসেছে। এখন প্রার্থীরা ঢুকে যাচ্ছেন বাড়ি, হেঁশেলেও। রবিবাসরীয় ভোটের প্রচারের এমনই নানা ছবি দেখা গেল রাজ্যের বিভিন্ন বিধানসভায়। রবিবার সাইকেল চালিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের বিদায়ী বিধায়ক বল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বত্রই কর্মী-সমর্থকদের নিয়ে সাইকেলে চ়ড়ে জনসংযোগ করেন।

Advertisement
আরও পড়ুন