আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি) অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে আগেই নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সম্প্রতি তাদের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
প্রতিষ্ঠানে টেম্পোরারি ডক্টর বা অস্থায়ী চিকিৎসক পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। নিযুক্তদের প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হলেও তা পরে সেই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। তাঁর পারিশ্রমিক হবে মাসে ৭০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন স্টেট বা ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনও। পাশাপাশি, প্রার্থীদের বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীরা আবেদনপত্র-সহ অন্য নথি দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।