Govt Jobs for Post Graduates 2026

বন্যপ্রাণ সুরক্ষিত রাখতে কৃত্রিম মেধার ব্যবহার! বিশেষ গবেষণা প্রকল্পে সুযোগ, কী ভাবে আবেদন?

: লাদাখ বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ গবেষণা প্রকল্পে কৃত্রিম মেধার প্রয়োগ কৌশল নিয়ে কাজ চলছে। তাতেই গবেষক এবং কর্মী হিসাবে দক্ষ ব্যক্তির আবেদন চাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১১:৪৬
লাদাখ বিশ্ববিদ্যালয়।

লাদাখ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

শীতল মরুভূমি তুষারচিতার বংশবিস্তারের জন্য আদর্শ স্থান। এ দেশে লাদাখ ও তার পাশ্ববর্তী এলাকায় তাই ওই বন্যপ্রাণীর উপস্থিতি বিশেষ ভাবে লক্ষ্য করা যায়। তুষারচিতা সংরক্ষণের এবং অন্য পশুদের উপর নজরদারির জন্য গবেষণার কাজ চলছে লাদাখ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ওই প্রকল্পে আইআইটি ভিলাই এবং কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তরফেও বিশেষজ্ঞেরা কাজ করছেন।

Advertisement

সংশ্লিষ্ট প্রকল্পে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ওই প্রকল্পের মাধ্যমে কৃত্রিম মেধাকে ব্যবহার করে একটি বিশেষ যন্ত্র বানানো হবে, যার সাহায্যে তুষারচিতার গতিবিধি পর্যবেক্ষণ করা এবং কোনও বিপদের আভাস পেলে দ্রুত বনদফতরের আধিকারিক এবং স্থানীয়দের সতর্ক করা যেতে পারে।

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তরদের আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীকে ইন্টারনেট অফ থিংস, ইন্টিগ্রেশন অ্যান্ড প্রোটোকলস, কম্পিউটার ভিশন, প্রেডিকটিভ মডেলিং সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।

যাঁরা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞান শাখার কোনও বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বন্যপ্রাণ নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিযুক্তের জন্য প্রতি মাসে ৪২ হাজার টাকা এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তের জন্য ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীরা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। ৩০ এপ্রিলের মধ্যে আবেদন পাঠানো যাবে। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্র পাঠানো প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন