Chirosakha Serial

তড়িঘড়ি নেওয়া হল সিদ্ধান্ত! রবিবারেই শেষ বারের মতো সম্প্রচার হবে ‘চিরসখা’, পরিবর্তে দেখানো হবে কোন ধারাবাহিক?

সূত্রের খবর, ১২ এপ্রিল শেষ বারের মতো সম্প্রচারিত হবে ‘চিরসখা’ ধারাবাহিক। ১৩ এপ্রিল থেকে সম্প্রচার শুরু হবে ‘সংসার সংকীর্তন’ ধারাবাহিকের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ২০:৩২
বন্ধ হয়ে যাচ্ছে ‘চিরসখা’, পরিবর্তে দেখানো হবে কোন ধারাবাহিক?

বন্ধ হয়ে যাচ্ছে ‘চিরসখা’, পরিবর্তে দেখানো হবে কোন ধারাবাহিক? ছবি: সংগৃহীত।

একের পর এক সিদ্ধান্ত। মঙ্গলবার, দফায় দফায় বৈঠকের পরে ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত ‘ম্যাজিক মোমেন্টস্‌’ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন না টলিপাড়ার কোনও শিল্পী এবং টেকনিশিয়ান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তা হলে কী হবে ‘চিরসখা’ ধারাবাহিকের ভবিষ্যৎ? তার পরিবর্তে সম্প্রচারিত হবে কোন ধারাবাহিক?

Advertisement

সূত্রের খবর, ১২ এপ্রিল শেষ বারের মতো সম্প্রচারিত হবে ‘চিরসখা’ ধারাবাহিক। ১৩ এপ্রিল থেকে রাত ১০টায় সম্প্রচার শুরু হবে ‘সংসার সংকীর্তন’ ধারাবাহিকের, যে কাহিনির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন মানালি দে এবং সব্যসাচী চৌধুরী। আগামী সপ্তাহ থেকে ‘চিরসখা’র সময়ে দেখা যাবে এই ধারাবাহিক।

২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু অনেক কিছু ওলটপালট করে দিয়েছে টলিউডে। লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ম্যাজিক মোমেন্টস্‌’ প্রযোজিত ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়েই ঘটে দুর্ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। প্রশ্ন ওঠে প্রযোজনা সংস্থার নিরাপত্তাব্যবস্থা নিয়ে।

এই ঘটনার পরেই একের পর এক অভিনেতা লীনার প্রযোজিত ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। রাহুলের মৃত্যুর তদন্তের কিনারা না হওয়া পর্যন্ত ওই প্রযোজনা সংস্থায় আর কেউ কাজ করবেন না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে।

সম্প্রচারিত হবে ‘সংসার সংকীর্তন’।

সম্প্রচারিত হবে ‘সংসার সংকীর্তন’। ছবি: সংগৃহীত।

প্রসঙ্গত, রাহুলের আকস্মিক মৃত্যুর কারণ জানতে চেয়ে ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে আইনি পরামর্শমতো প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু যথাযথ উত্তর না মেলায় শিল্পী সংগঠনের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়-সহ অন্য শিল্পীরা কলকাতার রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের করেন। এর পরে, সেই রাতেই দিঘার কাছে তালসারি থানায় গিয়ে ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর পাঁচ জনের নামে এফআইআর করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। এই বিতর্কের মাঝে লীনার তরফে একটি বিবৃতি মিললেও, তার পরে তাঁদের তরফে আর কোনও উত্তর মেলেনি। মঙ্গলবার শেষ বারের মতো সম্প্রচারিত হয়েছে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকটি।

Advertisement
আরও পড়ুন