Mahesh Bhatt-Anupam Kher

অনুপমকে প্রথম সুযোগ দেন মহেশ, তাই পরিচালককে গুরুদক্ষিণা হিসাবে কত টাকা দেন অভিনেতা?

এক সাক্ষাৎকারে মহেশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেন অভিনেতা। যে কোনও ছবিতে সই করলে সেই ছবিতে যা পারিশ্রমিক তিনি পান তার একটি অংশ গুরুদক্ষিণা হিসাবে পরিচালক মহেশকে দেন অনুপম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৬:৪৪
অনুপম গুরুদক্ষিণা হিসাবে কত টাকা দেন মহেশকে?

অনুপম গুরুদক্ষিণা হিসাবে কত টাকা দেন মহেশকে? ছবি: সংগৃহীত।

১৯৮০ সালে মহেশ ভট্টের ছবির মাধ্যমেই বলিপাড়ায় যাত্রা শুরু হয় অনুপম খেরের। প্রায় ৪৬ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেতা। এখনও একটি রীতি মেনে চলেন অভিনেতা। পরিচালক মহেশকে এখনও নিজের গুরু হিসাবে মানেন তিনি। তাই কখনও গুরুদক্ষিণা দিতে ভোলেন না তিনি। সেই কাহিনিই বললেন অভিনেতা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেন অভিনেতা। যে কোনও ছবিতে সই করলে, সেই ছবির প্রাপ্য পারিশ্রমিকের একটি অংশ গুরুদক্ষিণা হিসাবে পরিচালককে দেন অনুপম। অভিনেতা বলেন, “প্রথমে ২৫০ টাকা দিতাম। এখন ২৫০০০ টাকা দিই।” মহেশ ভট্টের ‘সারাংশ’ ছবির মাধ্যমে ব়ড়পর্দায় অনুপমের যাত্রা শুরু হয়। সেই সুযোগ না পেলে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করতে পারতেন না বলে জানিয়েছেন অনুপম। সেই সম্মানের জায়গা থেকেই মহেশকে এখনও নিজের রোজগারের কিছু অংশ গুরুদক্ষিণা হিসাবে দেন অভিনেতা।

প্রথম দিকে অবশ্য মহেশকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হিসাবে ভেবেছিলেন অনুপম। প্রথম ছবিতে যখন সব কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল, তার পরেই তাঁকে ছবি থেকে বাদ দিয়ে দেন মহেশ। তাতেই খুব রেগে গিয়েছিলেন অভিনেতা। অনুপম বলেন, “প্রথমে সত্যিই খারাপ মানুষ ভেবেছিলাম। কারণ, সব প্রস্তুতি নেওয়ার পরে আমাকে ছবি দেখে বাদ দিয়ে দিয়েছিলেন মহেশজি। ভেবেছিলাম মুম্বই ছেড়ে দেব। তাই শেষ বার দেখা করার জন্যে গিয়েছিলাম ওঁর সঙ্গে দেখা করতে। আমার সাহসের জন্যই শেষে সেই চরিত্র আমাকে ফিরিয়ে দেন মহেশজি।”

তার পরে আর ফিরে তাকাতে হয়নি অনুপমকে। এই মুহূর্তে, অভিনেতা অ্যাকশন ছবিতে অভিনয় করতে খুবই আগ্রহী। সেই ইচ্ছা গুরু মহেশের কাছে ব্যক্তও করেছেন তিনি। অনুপম জানান, শরীরচর্চা করছেন জোরকদমে। যাতে অ্যাকশন ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের বলিষ্ঠ চেহারা ক্যামেরার সামনে দেখাতে পারেন।

Advertisement
আরও পড়ুন