Salman Khan

‘প্রেমিকাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন ঠিকই, কিন্তু ও মানুষ ভাল’, সলমনকে নিয়ে নতুন ঘটনা প্রকাশ্যে

অনেক অল্প বয়স থেকে সলমনের সঙ্গে তাঁর পরিচয়। সলমন যখন তারকা হননি, তখন থেকে ভাইজানকে চেনেন রাজু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮
Actor Master Raju talks about Salman Khan and his behavior with ex-girlfriend

সলমন খান। ছবি: সংগৃহীত।

মনে যা, মুখেও তা। সলমন খান এমনই। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে তিনি কিছুই করতে পারেন না। প্রকাশ্যে বলে ফেলেন সবটা। প্রেমিকাদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন একসময়। কিন্তু সলমন লোক ভাল। এমন দাবি তাঁর ছোটবেলার বন্ধু তথা অভিনেতা রাজু শ্রেষ্ঠের।

Advertisement

অনেক অল্প বয়স থেকে সলমনের সঙ্গে তাঁর পরিচয়। সলমন যখন তারকা হননি, তখন থেকে ভাইজানকে চেনেন রাজু। তাই তিনি জানেন, আসলে সলমন খুবই ভাল মনের মানুষ। শুধু মাথাগরম হয়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারেন না। মাথাগরম করে প্রেমিকাদের সঙ্গেও দুর্ব্যবহার করে ফেলতেন। ‘ছোটখাটো’ ভুলের জন্য তাঁকে নাকি সবাই ভুল বোঝেন।

সলমন সম্পর্কে রাজু বলেন, “সলমন খুবই মজার মানুষ। কিছু বলার আগে বেশি ভাবেন না। বন্ধুত্ব করার আগেও বেশি ভাবেন না। মন থেকে খুব পরিষ্কার। হিসাব করে একদম চলতে পারেন না উনি। কূটকচালি উনি পারেন না। খুবই সহজ মানুষ, সেই জন্যই বিতর্কে জড়িয়ে পড়েন।”

মন ভাল হলেও, প্রেমিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনি। স্বীকার করেছেন রাজু। তবে তিনি সলমনেরই পক্ষে। তাঁর কথায়, “সলমনের নিজের আবেগের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না। লোকজনের বাড়ির নীচে দাঁড়িয়ে গালাগালি করতেন। প্রাক্তন প্রেমিকার বাড়ির নীচে দাঁড়িয়েও চিৎকার চেঁচামেচি করেছিলেন। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে লোকজনকে মারধরও করতেন। কিন্তু আসলে খুব মিষ্টি মানুষ। বুদ্ধি দিয়ে উনি চলেন না। মন থেকেই সব কিছু করেন।”

রাজুর এই মন্তব্য শুনে নেটাগরিকের অনুমান, ওই প্রাক্তন প্রেমিকা আসলে ঐশ্বর্যা রাই বচ্চন।

Advertisement
আরও পড়ুন