Rani Mukherji-Debashree Roy

‘রানির আবদার তেলাপিয়া মাছের ঝোল আর ফুচকা খাবে’, বোনঝির সঙ্গে আর কী কথা হল দেবশ্রী রায়ের?

রানিকে ফুচকা খাওয়াবেন ভেবেছিলেন দেবশ্রী। কিন্তু সেটা এই বার হচ্ছে না। সেই আক্ষেপের সুরই শোনা গেল দেবশ্রীর কণ্ঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮
দেবশ্রী রায় এবং রানি মুখোপাধ্যায় পুজো দিতে গেলেন কালীঘাটে।

দেবশ্রী রায় এবং রানি মুখোপাধ্যায় পুজো দিতে গেলেন কালীঘাটে। ছবি: সংগৃহীত।

বোনঝি এসেছে শহরে। তাই সকাল থেকে মাসি দেবশ্রী রায় ব্যস্ত। কলকাতায় এসেছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন এ দিনটা শুধুই মাসি আর বোনঝির। রানি শহরে পা রাখতেই, তাঁকে নিয়ে কালীঘাটের মায়ের কাছে পুজো দিতে ছুটলেন দেবশ্রী। তাঁর কাছে আর কী কী আবদার করলেন বলিউডের নায়িকা?

Advertisement

রানিকে ফুচকা খাওয়াবেন ভেবেছিলেন দেবশ্রী। কিন্তু সেটা এই বার হচ্ছে না। সেই আক্ষেপের সুরই শোনা গেল দেবশ্রীর কণ্ঠে। অভিনেত্রী বলেন, “২০২৫ সালটা তো খুব একটা ভাল যায়নি, তাই পুজো দিতে গিয়েছিলাম। ওর কাজের খুব চাপ। তাই তার পরেই গাড়ি ঘুরিয়ে হোটেলে চলে এলাম। ভাঁড়ে চা খাওয়ার ইচ্ছা ছিল, সেটাও হল না। তবে রানি বলেছে মার্চে এসে তেলাপিয়া মাছের ঝোল খাবে আর ফুচকা খাবে।”

এখন বোনঝিকে দেখলেই বার বার ছোটবেলার কথা মনে পড়ে যায় দেবশ্রীর। অভিনেত্রী যোগ করেন, “ছোটবেলায় রানি যা কাঁদত। ভাবতেই পারিনি বড় হয়ে এমন এক ব্যক্তিত্বের অধিকারী হবে ও। রানি যখন ছোট, আমিও তখন বাচ্চা। সবাই ওকে কোলে নিত, সেটা দেখে আমারও ইচ্ছা হত। মুম্বইয়ে গেলে ওর হাত টেনে টেনে নিয়ে আমি ঘুরতাম। আর দিদি বকত আমাকে, ‘ওর হাত যে খুলে যাবে’। এখনও সেই দিনগুলোর কথা ভাবলে বেশ অন্যরকম লাগে। আজ একটু মনখারাপ লাগছিল। মনে হচ্ছিল, ঝুমা থাকলে আমাদের সঙ্গে ও-ও যেত।” কয়েক দিন আগে দেবশ্রীও মুম্বইয়ে গিয়েছিলেন। রানির মা অর্থাৎ দিদির জন্মদিন উপলক্ষে। অভিনেত্রী জানালেন, মার্চ মাসে আবার কলকাতায় আসবেন রানি। তখন বোনঝির সব পছন্দের জিনিস সাজিয়ে রাখবেন তিনি।

Advertisement
আরও পড়ুন