জ্যোতির্ময়ী কোন অভিজ্ঞতার কথা বললেন? ছবি: সংগৃহীত।
বড়পর্দায় তাঁর হাতেখড়ি অভিনেতা তথা প্রযোজক দেবের বিপরীতে। তার পরেই নতুন নতুন কাজের সুযোগ আসছে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কাছে। ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন অভিনেত্রী। বর্ধমানের মেয়ে কলকাতায় নিজের জমি শক্ত করা খুব একটা সহজ ছিল না। দেবের পরে ও পার বাংলার শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন নায়িকা।
‘প্রিন্স’ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে জ্যোতির্ময়ীকে। দেব আর শাকিবের সঙ্গে কাজ করার পার্থক্য কি কিছু লক্ষ করেছেন অভিনেত্রী? তাঁর মতে, খুব যে পার্থক্য আছে তা নয়। দু’জনেই মাটির মানুষ। সব কিছু সহজ করে দিতে পারেন। আর প্রচুর পরিশ্রম করতে পারেন। নায়িকা বললেন, “দেবদা শুটিং সেটে এলে বোঝা যায়। খুব মজা করে। নতুনদের জন্য পরিবেশ খুব সহজ করে দেয়। শাকিব খান খুব ধীরস্থির, শান্ত স্বভাবের । আবার একে বারে যে কথা বলেন না তেমন নয়। তবে সময়ে সময়ে মজার কথা বলতেও ছাড়েন না। আমি যেটা বুঝেছি উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য।”
আর কী কী কাজ রয়েছে নায়িকার ঝুলিতে? জ্যোতির্ময়ী এখন শুধুই ‘প্রিন্স’ ছবিতে মনোযোগ দিতে চান। নতুন কাজের কথা এখনই বলতে চাইছেন না তিনি। এই ছবির কিছুটা অংশের শুটিং এখনও বাকি।