Aishwarya Rai

‘আমাকে বুদ্ধিমতী মনে হয়েছিল’, ঐশ্বর্যাকে সরিয়ে অমীশাকে মনে ধরার নেপথ্যে আর কী কারণ ছিল আমিরের?

ঐশ্বর্যার সঙ্গে সইসাবুদ পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়েন অভিনেত্রী। সেই জায়গায় আসেন অমীশা। কী কারণে আমিরের ছবিতে সুযোগ পান অমীশা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ২০:৫১
কীভাবে ঐশ্বর্যার জায়গা নিলেন অমীশা।

কীভাবে ঐশ্বর্যার জায়গা নিলেন অমীশা। ছবি: সংগৃহীত।

ঐশ্বর্যা রাই ও আমির খান বলিউডের সফলতম তারকা। যদিও একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি তাঁরা। এক বার একটা সুযোগ হয়েছিল বটে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয় দর্শকের। যে চরিত্র ভাবা হয়েছিল ঐশ্বর্যার জন্য, সেটায় শেষপর্যন্ত অভিনয় করেন অমীশা পটেল। একেই হয়তো বলে ‘কারও পৌষ মাস কারও সর্বনাশ’।

Advertisement

২০০৫ সালে কেতন মেটার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মঙ্গল পাণ্ডে: দ্য রাইজ়িং’ ছবিটি। নায়কের ভূমিকায় প্রথম থেকেই পরিচালকের পছন্দ ছিল আমিরকে। ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় রানি মুখোপাধ্যায় এবং অমীশা পটেলকে। কিন্তু নায়িকার চরিত্রে কেতনের প্রথম পছন্দ রানি বা অমীশা কেউই ছিলেন না। ঐশ্বর্যাকে পছন্দ করেছিলেন তিনি। এমনকি, অভিনেত্রীকে প্রস্তাবও দিয়ে ফেলেছিলেন তিনি। কেতনের প্রস্তাবে রাজি হয়ে যান ঐশ্বর্যা। সইসাবুদও হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়েন ঐশ্বর্যা। সেই জায়গায় আসেন অমীশা। এই প্রসঙ্গে পরে অমীশা জানান, আমির তাঁর বিবিসিতে দেওয়া সাক্ষাৎকার দেখেছিলেন। সেটা দেখে তাঁকে বুদ্ধিমতী মনে হয়েছিল। তার পরই নাকি এই সিদ্ধান্ত।

যদিও পরে ঐশ্বর্যা জানান, প্রযোজক-নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে তাঁর মতবিরোধের কারণে কাজটি থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। ‘মঙ্গল পাণ্ডে’ ছবিতে অভিনয়ের জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন ঐশ্বর্যা। ‘মঙ্গল পাণ্ডে’ ছবিতে সই করার পরে কান চলচ্চিত্র উৎসবে যান অভিনেত্রী। কিন্তু ফিরে আসার পরে অন্য ঐশ্বর্যার দেখা পান কেতন। হঠাৎ পরিচালকের থেকে নিজের পারিশ্রমিক এক লাফে দ্বিগুণ চেয়ে বসেন ঐশ্বর্যা। নায়িকা জানান যে, ‘মঙ্গল পাণ্ডে’ ছবির জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে তাঁকে। তাতেই এমন সিদ্ধান্ত।

এ দিকে, আমিরের বিপরীতে অমীশাকে নাকি ‘লগান’ ছবির জন্যও নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময় নিউজ়িল্যান্ডে শুটিং করছিলেন অমীশা। কথাবার্তা সব পাকা হয়ে যাওয়ার পরেও বাদ পড়তে হয় তাঁকে। কারণ, ছবির পরিচালক মনে করেছিলেন, ‘লগান’ ছবিতে গৌরীর চরিত্রের জন্য অমীশা অতিরিক্ত ফর্সা ও শিক্ষিত দেখতে।

Advertisement
আরও পড়ুন