Ameesha Patel

‘তোমাকে আলিঙ্গন করব না, তোমার দাদার সম্পত্তি আমি’, ববিকে কেন মুখের উপর বলেছিলেন অমীশা?

অমীশা ও ববি ‘হামরাজ়’ ছবির জন্য জয়পুরে শুটিং করছিলেন। একটি দৃশ্য এমন ছিল, যেখানে ববিকে আলিঙ্গন করতে হবে অমীশাকে। এই দৃশ্য নিয়েই সেই অদ্ভুত ঘটনার সূত্রপাত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২১:০৭
কেন ববিকে আলিঙ্গন করতে চাননি অমীশা?

কেন ববিকে আলিঙ্গন করতে চাননি অমীশা? ছবি: সংগৃহীত।

অনুরাগীদের জন্য ববি দেওলকে আলিঙ্গন করতে পারেননি। অনুরাগীরা নাকি রীতিমতো তেড়ে এসেছিলেন। ঠিক কী ঘটেছিল? সম্প্রতি সাক্ষাৎকারে জানালেন অমীশা পটেল।

Advertisement

অমীশা ও সানি দেওলের ছবি ‘গদর’ বিপুল জনপ্রিয় হয়েছিল। বক্সঅফিসে সাড়া ফেলেছিল সেই ছবি। এর কয়েক বছর পরে ববির সঙ্গে ‘হামরাজ়’ ছবিতে কাজ করেন ববি। সেই ছবির শুটিংয়েই ঘটে এক অদ্ভুত কাণ্ড। ‘গদর’ ছবির পরে অমীশা ও সানির জুটিতে মুগ্ধ হয়েছিলেন দর্শক। তাই অন্য কোনও পুরুষের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতা মেনে নিতে পারতেন না তাঁদের জুটির ভক্তেরা। এমনকি, অমীশাকে অনেকে ‘সানির সম্পত্তি’ বলেও মনে করতেন।

অমীশা ও ববি ‘হামরাজ়’ ছবির জন্য জয়পুরে শুটিং করছিলেন। একটি দৃশ্য এমন ছিল, যেখানে ববিকে আলিঙ্গন করতে হবে অমীশাকে। এই দৃশ্য নিয়েই সেই অদ্ভুত ঘটনার সূত্রপাত। শুটিং দেখতে কাতারে কাতারে মানুষ ভি়ড় করেছিলেন। পুলিশি নিরাপত্তা সেই ভিড় সামাল দিচ্ছিল। অমীশার কথায়, “মানুষ খুব উত্তেজিত ছিলেন। এর পরে ববি আমাকে আলিঙ্গন করতে আসে। তখনই সেই ভিড় থেকে চিৎকার শুরু হয়। তাঁরা বলতে থাকেন, ‘ওঁকে ছেড়ে দিন। উনি তারা সিংহের সম্পত্তি। আপনার দাদার সম্পত্তি। পাকিস্তান থেকে ওঁকে নিয়ে আসা হয়েছে। সাকিনাকে আপনি ছেড়ে দিন।” মানুষ নাকি উন্মত্ত হয়ে উঠেছিলেন। ঘটনায় অস্বস্তিতে পড়েছিলেন অভিনেতারা। তবে এই ঘটনায় মজাও পেয়েছিলেন বলে জানান। হাসতে হাসতে ববিকে অমীশা বলেছিলেন, “আমি তোমাকে আলিঙ্গন করব না। আমি তোমার দাদার সম্পত্তি।”

‘গদর’ ছবিতে সানির চরিত্রের নাম ছিল তারা সিংহ এবং অমীশার নাম ছিল সাকিনা।

Advertisement
আরও পড়ুন