T20 world cup 2026

‘আপনি দয়া করে খেলা দেখবেন না’! ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেই কোন উপলব্ধি অমিতাভের?

সূর্যকুমাররা বিশ্বকাপ জিততেই যেন শাপমোচন ঘটল অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের। এই আবহে মুম্বইয়ে বসে কোন উপলব্ধি হল অমিতাভ বচ্চনের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১২:২৬
অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কদের তালিকায় নতুন সংযোজন সূর্যকুমার যাদব। প্রথম বার অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। ১৭ বছর পরে ২০২৪-এ বার্বাডোজ়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দু’বছরের মধ্যে ফের কাপ পেল ভারত। তার সঙ্গে শাপমোচন ঘটল অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের। এই আবহে মুম্বইয়ে বসে কোন উপলব্ধি হল অমিতাভ বচ্চনের?

Advertisement

ভারত পর পর দু’বছর বিশ্বকাপ জিততেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউডের তারকারা। এ ছাড়াও রবিবার অহমদাবাদে খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রীতি জ়িন্টা, অপারশক্তি খুরানা-সহ অনেকেই। যদিও সেমি-ফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারকা সমাগম ফাইনালের দিনের তুলনায় অনেক বেশি ছিল। ২০২৩-এ একদিনের বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। তখন মুম্বই থেকে সেখানে খেলা দেখতে গিয়েছিলেন একাধিক তারকা। কিন্তু, বাড়ি বসে খেলা দেখেছিলেন অমিতাভ, নিজেই সে কথা জানিয়েছিলেন অভিনেতা। সেই ম্যাচ হেরে যায় ভারত।

তবে এ বার আর খেলা দেখেননি অমিতাভ। তাই ভারত জিততেই অমিতাভ লেখেন, ‘‘দেখলেন তো, আমি খেলা না দেখলেই ভারত জিতে যায়।’’ তবে এই প্রথম নয়। আগেও বেশ কয়েক বার অমিতাভ জানিয়েছেন যে, তিনি খেলা দেখতে বসলেই ভারত হেরে যায়। সেই জন্য নাকি খেলা দেখেন না তিনি বিশেষ। আবার তারকার সেই একই উপলব্ধি। এ বার অনুরাগীরাও তাঁকে অনুরোধ করে বলেন, ‘‘তা হলে আপনি দয়া করে খেলা দেখবেন না।’’ এই অনুরোধে সম্মতিও জানিয়েছেন তারকা।

Advertisement
আরও পড়ুন