Anupam Kher

‘ওর জন্য চেকে সই করে দিই, সংসার খরচ সামলাই’, ভাইকে সাহায্য করেন অনুপম! আপত্তি রয়েছে স্ত্রী কিরণের?

অভিনেতা আরও জানান, রাজু খের কোনও দিনই তাঁর সাফল্য দেখে ঈর্ষান্বিত হননি। বরং সব সময়ে বড় ভাই হিসাবে তাঁকে সম্মান করেছেন এবং পাশে থেকেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১০:৩১
Anupam Kherr said that he has been supporting his brother Raju Kherr for years

অনুপম ও রাজুর সম্পর্কে কী মত কিরণের? ছবি: সংগৃহীত।

ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে বিবাদের খবর প্রায়ই উঠে আসে। বিনোদনজগতেও শোনা যায় এমন ঘটনা। কিন্তু এই বিষয়ে একেবারে অন্য পথের যাত্রী অনুপম খের। ভাই রাজু খেরের সঙ্গে সম্পর্ক কেমন, তা নিয়ে খোলাখুলি কথা বললেন অনুপম নিজেই।

Advertisement

বহু বছর ধরেই ভাই রাজু খেরের আর্থিক দায়িত্ব তিনি নিজেই সামলাচ্ছেন। অনুপম খের বলেন, “বহু বছর ধরে ওর অর্থনৈতিক বিষয়গুলো আমিই দেখছি। ওর জন্য চেকে সই করে দিই। ওর সংসারের খরচও দেখভাল করি।” দুই ভাইয়ের মধ্যে এতটাই বিশ্বাস এবং ভালবাসা রয়েছে যে, এই বিষয়টি কখনও তাঁদের মধ্যে সমস্যা হয়ে দাঁড়ায়নি।

অভিনেতা আরও জানান, রাজু খের কোনও দিনই তাঁর সাফল্য দেখে ঈর্ষান্বিত হননি। বরং সব সময় বড় ভাই হিসাবে তাঁকে সম্মান করেছেন এবং পাশে থেকেছেন। অনুপম বলেন, “আমার ভাই কোনও দিন আমাকে নিয়ে হিংসা করেনি। এই বিষয়টি আমার কাছে খুবই মূল্যবান।”

এই প্রসঙ্গে স্ত্রী কিরণ খেরের কথাও উল্লেখ করেন অনুপম। তিনি জানান, রাজু খেরের জন্য তিনি যা কিছু করেছেন, তা নিয়ে কিরণ কখনও প্রশ্ন তোলেননি। এই জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বর্ষীয়ান অভিনেতা। বহু জায়গায় স্ত্রীদের পক্ষ থেকেই প্রশ্ন ওঠে, কেন ভাইয়ের জন্য এত কিছু করবে দাদা? কিন্তু এমন প্রশ্ন কখনও করেননি কিরণ। জানান অনুপম। তাই তাঁর পক্ষে এই সম্পর্ক মসৃণ রাখা আরও সহজ হয়েছে।

অনুপমের মতে, আজকের দিনে যখন সম্পত্তি ও অর্থ নিয়ে ভাইদের মধ্যে বিরোধের ঘটনা প্রায়ই সামনে আসে, তখন তাঁদের সম্পর্ক ভালবাসা, পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থেকে গিয়েছে।

রাজু খেরও অভিনয় জগতের পরিচিত মুখ। ছোটপর্দার বহু ধারাবাহিক এবং চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। দুই ভাইয়ের এই গভীর সম্পর্ক অনুরাগীদেরও মুগ্ধ করেছে।

Advertisement
আরও পড়ুন