অন্ধকারে ডুবে ছিলেন অর্জুন! ছবি: সংগৃহীত।
‘ধুরন্ধর’ মুক্তির পর থেকে তিনি সাফল্যে ভাসছেন। মডেলিং থেকে শুরু করেছিলেন কর্মজীবন। তার পরে অভিনয়। সুদর্শন অভিনেতা অর্জুন রামপালের অনুরাগীর সংখ্যা প্রথম থেকেই চোখে পড়ার মতো। অভিনয়েও প্রশংসা পেয়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবনের অনেকটা সময় তাঁর কেটেছে অন্ধকারে। এক দিকে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ। আর এক দিকে মায়ের অসুস্থতা। সেই সময়টা মানসিক ভাবে চাপ তৈরি করেছিল অর্জুনের জীবনে। সেই দুঃসময় নিয়ে মুখ খুললেন অভিনেতা।
অর্জুন রামপাল জানান, একাকিত্ব ঘিরে ধরেছিল তাঁকে। নিজেকেই যেন হারিয়ে ফেলছিলেন। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, “আমি একাকিত্ব অনুভব করেছি জীবনের একটা সময়ে। আমার বিয়েটা ভেঙে যাচ্ছিল। এটা দুঃখজনক, কারণ ভালবাসা সব সময় একই রকম থাকে না। জীবনে কিছুই স্থায়ী নয়। আমরাও সব সময় বদলাচ্ছি। আর অনেক সময় সেই পরিবর্তনের পথে দু’জন মানুষ একসঙ্গে এগোতে পারে না।”
অর্জুন জানান, সেই সময়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল। কারণ, তাঁর মা ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি বলেন, “সম্ভবত ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। তখন আমার মা ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আমি তাঁকেও হারিয়ে ফেলছিলাম। আমার কাছের মানুষেরাও সরে যাচ্ছিল। তার তিন বছর আগে বাবাকে হারিয়েছিলাম। বন্ধুদের হারাচ্ছিলাম। জীবনে যা কিছু পেতে এত পরিশ্রম করেছি, সব যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল।”
১৯৯৮ সাল থেকে ২০১৮ পর্যন্ত তাঁরা বিবাহিত ছিলেন। তাঁদের দুই সন্তানও রয়েছে— মাহিকা রামপাল ও মাইরা রামপাল। ২০১৮ সালে মেহর জেসিয়ার সঙ্গে দীর্ঘ দাম্পত্যজীবনের ইতি টানেন অর্জুন। একই বছর একটি পার্টিতে বন্ধুদের মাধ্যমে তাঁর পরিচয় হয় বর্তমান গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের সঙ্গে। তার পের প্রেম ও একত্রবাস। এখনও একসঙ্গে আছেন তাঁরা। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে— আরিক ও আরিভ।
কঠিন সময়ে গ্যাব্রিয়েলা কী ভাবে তাঁর ভরসা হয়ে উঠেছিলেন, সে প্রসঙ্গেও কথা বলেছেন অর্জুন, “আমি খুব ভাগ্যবান যে গ্যাব্রিয়েলার মতো একজন মানুষ আমার জীবনে এসেছিল। ও আমার জীবনে ভরসা জুগিয়েছিল। ও নিজেও হয়তো জীবনে গভীর অন্ধকার সময়ের মধ্য দিয়ে গিয়েছিল। আমরা দু’জনেই ঝড়ের মধ্যে ছিলাম, আর সেই ঝড় একসঙ্গে সামলেছি। পরে জীবনে অনেক আশীর্বাদও এসেছে।”
উল্লেখ্য, ছ’বছর ধরে পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন। তাই প্রায়ই প্রশ্ন ওঠে, কবে বিয়ে করবেন তাঁরা। ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ের প্রসঙ্গে গ্যাব্রিয়েলা রিয়া চক্রবর্তীর এক পডকাস্টে বলেছিলেন, “আমরা এখনও বিবাহিত নই। কিন্তু কে-ই বা বলতে পারে ভবিষ্যতে কী হতে পারে?” সেই সাক্ষাৎকারে ছিলেন অর্জুনও। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন, “আমাদের বাগ্দান হয়ে গিয়েছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এই কথাটা।”