Kanyakumari Mukerjee

‘দু’দিন আগে বেশি চিন্তায়...’, বিপদে অভিনেত্রী কন্যাকুমারী! জটিল রোগে আক্রান্ত নায়িকার মা

মা-মেয়ের জুটিকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল টলিপাড়ায়। কন্যাকুমারী মুখোপাধ্যায় এবং তাঁর মায়ের একটি ভিডিয়ো এখনও মাঝেমাঝেই দেখা যায় সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৬
Kanyakumari Mukherjee

ক্যানসারে আক্রান্ত কন্যাকুমারীর মা। ছবি: সংগৃহীত।

মা যে তাঁর সবচেয়ে ভাল বন্ধু, তা তাঁদের অনেক ভিডিয়োতেই দেখা গিয়েছে। বিশেষত তাঁদের ‘দিদি নম্বর ১’-এর ভিডিয়ো তো খুবই আলোচিত— অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায় এবং তাঁর মা। রবিবার এক মন খারাপ-করা খবর দিলেন তিনি। সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। বিছানায় নাতনিকে আগলে শুয়ে রয়েছেন কন্যাকুমারীর মা। আর নিজস্বী তুলতে ব্যস্ত অভিনেত্রী। অসুস্থতার ছাপ পড়েছে তাঁর মায়ের শরীরে। ঠিক কী হয়েছে? সমাজমাধ্যমের পাতায় নিজেই জানিয়েছেন কন্যাকুমারী।

Advertisement

শনিবারই তাঁরা জানতে পেরেছেন মা ক্যানসারে আক্রান্ত। যদিও এই পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করছেন তাঁরা। তাই এই পরিস্থিতিতে তাঁদের পরিবারের পাশে যাঁরা রয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কন্যাকুমারী। ছবি পোস্ট করে তিনি লেখেন, “না একেবারে রেহাই পায়নি মা। ম্যালিগন্যান্ট, কিন্তু দ্বিতীয় পর্যায়।” একেবারে যে দেওয়ালে পিঠ ঠেকে যায়নি তাতেই কন্যাকুমারী আশ্বস্ত হয়েছেন। অভিনেত্রী লেখেন, “কিছুটা আশ্বস্ত, কারণ চিকিৎসার সুযোগ রয়েছে। এই সময় আমাদের পাশে জেঠু, বম্মা, দাদা-বৌদিরা যদি ঝাঁপিয়ে না পড়ত, আমরা একা হয়তো কিছুই করতে পারতাম না।”

আনন্দবাজার ডট কমের তরফ থেকে কন্যাকুমারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সত্যি বলতে দু’দিন আগে পর্যন্ত বেশি চিন্তায় ছিলাম। অনেক ধরনের ভাবনা ভিড় করছিল মাথায়। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বরং একটা দিশা পেয়েছি। চিকিৎসকেরাও আমায় বলছেন, দ্বিতীয় পর্যায়ে চিন্তা করার কিছু নেই।” ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের মাঝে একটি টিউমর হয়েছিল। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। এই মুহূর্তে ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকে অভিনয় করছেন কন্যাকুমারী। অভিনেত্রী বলেন, “প্রযোজনা সংস্থার তরফে সবাই খুব সহায়তা করছেন। তাই আমি সবটা সামলাতে পারছি। এই পরিস্থিতিতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

মায়ের এই নতুন যাত্রায় প্রতি মুহূর্তে সকলকে পাশে থাকার অনুরোধ করেছেন কন্যাকুমারী। তিনি লেখেন, “মা আরও একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। এতটা পথ যখন নির্বিঘ্নে আসতে পেরেছি, আশা করি বাকি পথটুকুও নির্বিঘ্নে কাটাতে পারব। পারতে হবে, কারণ মা পারতে চান। আমার মা দারুণ, আরও দারুণ হয়ে উঠবেন।” সবাইকে বার বার তাঁর মায়ের জন্য প্রার্থনা করতে বলেছেন অভিনেত্রী। বেশ অনেক দিন আগে ‘দিদি নম্বর ১’-এর একটি বিশেষ পর্বে মা-কে নিয়ে এসেছিলেন তিনি। সেখানেই মা-মেয়ের খুনসুটি নজর কাড়ে সবার। অভিনেত্রীর এই খারাপ সময়ে অনেককেই পাশে পেয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন