লীনা গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।
রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার ডট কম যোগাযোগ করলে তিনি বলেন, "দিন দুই আগে ইস্তফা দিয়েছি।" তাঁর দেওয়া ইস্তফাপত্র গৃহীত হয়েছে কি না সে বিষয়ে কিছু জানেন না তিনি।
লীনা এ প্রসঙ্গে বলেন, ‘‘আমায় এখনও কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।’’ তবে সূত্রের খবর, আগামীকাল আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন লীনা। তার জন্যই নাকি কমিশনের অফিসে বৈঠক ডেকেছেন।
আরও জানা গিয়েছে, এই সাম্মানিক পদে একটানা ৯ বছর থাকা যায়। তার পর ওই পদ থেকে অবসর নিতে হয়। লীনা গত ৯ বছর ধরে মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ছিলেন। সেই অনুযায়ী আগামী জুলাই মাসে তাঁর মেয়াদ সম্পূর্ণ হবে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু তাঁকে বিপর্যস্ত করেছে। এ দিন তেমনই আভাস দেন লীনা। জানান, নিজেকে সামলাতেই কারও ফোন ধরেননি। এর পরেই বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদল। তৃণমূল কংগ্রেসের পরাজয়। বাংলার মসনদে বিজেপি। সর্বত্রই পরিবর্তনের ছাপ স্পষ্ট। ফলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লীনাকেও যে পদ ছাড়তে হবে, জানতেন সবাই। রাহুলের মৃত্যুর পরেই কমিশন থেকে তাঁর পদত্যাগ চেয়ে সরব হয় টলিউড।
এর পর কী করবেন লীনা? আবার কি টেলিভিশনের দুনিয়ায় ফিরবেন? প্রশ্ন শুনে ছোট্ট নীরবতা। লীনা বললেন, "ফিরলে আপনারা জানতে পারবেন।"