Arijit Singh

‘স্যাফায়ার’ নয়, অনেক আগেই এড শিরানের সঙ্গে বন্ধুত্ব অরিজিতের! কী ভাবে একজোট হয়েছিলেন তাঁরা?

অরিজিতের সঙ্গে তিনি ‘স্যাফায়ার’ গানে জোট বেঁধেছিলেন। ২০২৫ সালের সেই গান মুহূর্তে দিকে দিকে ছড়িয়ে পড়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭
Check out some interesting facts on Arijit Singh and Ed Sheeran’s friendship

ফের জোট বাঁধবেন এড শিরান ও অরিজিৎ? ছবি: সংগৃহীত।

‘পারফেক্ট’, ‘থিংকিং আউট লাউড’, ‘শেপ অফ ইউ’-এর মতো গানের জন্য তিনি সারা বিশ্বে জনপ্রিয়। ব্রিটিশ গায়ক এড শিরান ভারতের, বলা ভাল বাংলার অন্যতম অতিথিও এখন। অরিজিৎ সিংহের হাত ধরে তিনি চিনে নিয়েছেন বাংলার জিয়াগঞ্জের রাস্তাঘাটও। সেই এড শিরানের ৩৫ বছরের জন্মদিন মঙ্গলবার।

Advertisement

অরিজিতের সঙ্গে তিনি ‘স্যাফায়ার’ গানে জোট বেঁধেছিলেন। ২০২৫ সালের সেই গান মুহূর্তে দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। সেই গানের শুটিং-এর জন্য ভারতের আনাচ-কানাচ চষে বেড়িয়েছিলেন এড ও অরিজিৎ।

শোনা যায়, বহু দিন আগেই অরিজিতের গান শুনেছিলেন এড। মুগ্ধও হয়েছিলেন। এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছিলেন, তিনি প্রথম অরিজিতের ‘তুম হি হো’ শুনে মুগ্ধ হন। এমনকি, তিনি এই গানকে তার সর্বকালের প্রিয় গানগুলির মধ্যে একটি বলেও উল্লেখ করেছিলেন।

সমাজমাধ্যম নয়, গানের সূত্রেরই এড ও অরিজিতের আলাপ।

‘স্যাফায়ার’ গানে জোট বাঁধার আগে ‘তুম হি হো’ গানটির একটি বিশেষ সংস্করণে একসঙ্গে কাজ করার প্রস্তাব গিয়েছিল তাঁদের দু’জনের কাছে। যদিও সেই ভাবনা বাস্তবায়িত হয়নি শেষপর্যন্ত। তবে শুরু হয়েছিল গানের বন্ধুত্ব। ‘স্যাফায়ার’ গানেও ধরা পড়েছিল সেই বন্ধুত্ব। ইংরেজি, হিন্দি ও পঞ্জাবি ভাষায় গানটি তৈরি। সুরেও মিশ্র সংস্কৃতির প্রভাব রয়েছে।

এই গানের সূত্রেই অরিজিতের সঙ্গে জিয়াগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছিলেন এড। থেকেছিলেন অরিজিতের বাড়িতেও। একসঙ্গে গান বাঁধেন, রেকর্ড করেন, সময় কাটান এবং অরিজিতের দু’চাকার মোটরবাইকে করে ঘুরে দেখেন গোটা জিয়াগঞ্জ। এই সফর তাঁর সঙ্গীতজীবনের অন্যতম বলেও জানিয়েছিলেন এড শিরান।

অরিজিৎ এই গানের জন্য শিরানকে পঞ্জাবি উচ্চারণও শিখিয়েছিলেন। তাঁকে সেতারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছিলেন অরিজিৎ। ২০২৪ সালে লন্ডনে একটি অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে ‘পারফেক্ট’ গানটিও গেয়েছিলেন তাঁরা। ভবিষ্যতে তাঁরা আবার কোনও গানের জন্য জুটি বাঁধবেন কি না, সেই অপেক্ষায় শ্রোতারা।

Advertisement
আরও পড়ুন