অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কে নাম জুড়েছিল নিমরতের গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২০২৪ সালে খবর ছড়ায়, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে শোনা গিয়েছিল নিমরত কৌরের নাম। তবে পরে সে সব জল্পনা জল্পনাই থেকে যায়। গুজবে কান না দিয়ে মার্জিত ভাবে সবটা সামাল দিয়েছিলেন নিমরত নিজেও। অভিনেত্রী হিসাবে তাঁর সুনাম রয়েছে বলিউডে। শুক্রবার নিমরতের ৪৪ বছরের জন্মদিন।
‘লাঞ্চবক্স’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নিমরত। এর পরে ‘এয়ারলিফ্ট’, ‘সজনি শিন্দে কে ভাইরাল ভিডিয়ো’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিষেকের সঙ্গে ‘দসভি’ ছবিতে অভিনয় করেছিলেন নিমরত। সেখান থেকেই অভিষেকের সঙ্গে নাম জড়িয়ে যায় তাঁর। এক সময়ে প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। আপাতত তিনি একাকী বলেই শোনা যায়। বিয়ে নিয়ে আগ্রহ নেই বলেও জানান নিমরত। তাই একা যাপনকেই বেছে নিয়েছেন তিনি।
নিমরতের পরিবারেও রয়েছে দৃষ্টান্তমূলক ঘটনা। অভিনেত্রীর বাবা ছিলেন পেশায় ভারতীয় সেনা জওয়ান। কাশ্মীরে জঙ্গিদের হাতে শহিদ হয়েছিলেন ১৯৯৪ সালে।
নিমরত বর্তমানে নয়ডায় থাকেন বলে জানা যায়। সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, উচ্চ মানের আবাসিক এলাকায় থাকতে পছন্দ করেন তিনি। যেখানে গোপনীয়তা, নিরাপত্তা এবং শান্ত পরিবেশ বজায় থাকে, সেখানে থাকতেই পছন্দ করেন নিমরত। তবে কাজের কারণে মাঝে মধ্যে মুম্বইয়ে এসেও থাকেন তিনি।
শোনা যায়, নিমরতের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। তাঁর আয়ের বেশিরভাগই আসে ছবি ও সিরিজ়ে অভিনয়ের মাধ্যমে।
রাজস্থানের পিলানির এক পরিবারে জন্মেছিলেন নিমরত। অভিনেত্রী জানান, শিক্ষিত ও সাংস্কৃতিক মূল্যবোধে ভরা পরিবারে বড় হয়েছেন তিনি।