Ameesha Patel net worth

কোটি কোটি টাকার অধিকারী হয়েও টাকা না-ফেরানোর অভিযোগ! অমীষা নিজে কত সম্পত্তির মালিক?

২০১৭ সালে অনুষ্ঠানের আয়োজক পবন বর্মা অভিযোগ দায়ের করেছিলেন অমীষার বিরুদ্ধে। অভিযোগ ছিল, সাড়ে ১৪ লক্ষ টাকা আগাম নিয়েও অনুষ্ঠান করতে যাননি অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪
অমীষার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

অমীষার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? ছবি: সংগৃহীত।

বিতর্কে অমীষা পটেল। রাজপাল যাদবের পরে এ বার তিনি কি যাবেন সংশোধনাগারে? উঠছে প্রশ্ন। মোরাদাবাদ আদালতে অভিনেত্রীর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা হয়েছে। ২০১৭ সালে চুক্তি লঙ্ঘন করার অভিযোগে একটি মামলা হয়েছিল অমীষার বিরুদ্ধে। সেই মামলায় আদালত সমন করা সত্ত্বেও তিনি বরাবর অনুপস্থিত থেকেছেন। এই কারণে তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা করেছে আদালত।

Advertisement

২০১৭ সালে অনুষ্ঠানের আয়োজক পবন বর্মা অভিযোগ দায়ের করেছিলেন অমীষার বিরুদ্ধে। অভিযোগ ছিল, অনুষ্ঠানের জন্য আগাম সাড়ে ১৪ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেত্রী। একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল অমীশার। অভিনেত্রীর থাকা-খাওয়ার সব ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত অমীষা আসেননি। অমীষা জানিয়েছিলেন, সব টাকা ফিরিয়ে দেবেন। কিন্তু, সাড়ে ১৪ লক্ষের মধ্যে কেবল ১০ লক্ষ টাকা নগদে ফেরত দিয়েছিলেন অভিনেত্রী। বাকি সাড়ে ৪ লক্ষের একটি চেক দিয়েছিলেন তিনি, যা নাকি ‘বাউন্স’ করে বলে অভিযোগ।

এই আবহে আলোচনায় অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ। বহুদিন পরে, ২০২৩ সালে ‘গদর ২’ ছবিতে অভিনয় করেছিলেন অমীষা। তার পরে আরও একটি ছবিতে কাজ করলেও সাফল্য পায়নি সেটি। একসময়ে বক্সঅফিস কাঁপালেও এখন তাঁকে পর্দায় খুব একটা দেখা যায় না। অমীষা উচ্চশিক্ষিত। আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন এবং সোনার পদক জয় করেছেন। তার পরেই বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবিই বক্সঅফিসে ঝড় তুলেছিল। তার পর একসময় বলিউড থেকে বাড়তে থাকে তাঁর দূরত্ব।

অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার করেছেন তিনি। ব্যবসায় বিনিয়োগও রয়েছে। সব মিলিয়ে বড় অঙ্কের অর্থের মালকিন অমীষা। শোনা যায়, ২৬৫ কোটি টাকারও বেশি সম্পত্তি তাঁর। বলিউডের ধনী অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।

‘গদর ২’-এর আগে কয়েকটি ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল অমীষার। ‘গদর ২’-এর জন্য ৫০ লক্ষ টাকার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। তবে কোনও অনুষ্ঠানে উপস্থিতি বা ব্র্যান্ডের হয়ে প্রচার করতে তিনি বড় অঙ্কের পারিশ্রমিক নেন। শোনা যায় অমীষার মাসিক আয় ২ কোটি টাকা।

অমীষার ব্যাগের সম্ভারও বেশ লোভনীয় বলে জানা যায়। এর ঝলক দেখা গিয়েছিল পরিচালক ফরাহ খানের অনুষ্ঠানে। সেখানে রয়েছে ৩ কোটি টাকার ব্যাগও। অভিনেত্রী মুম্বইতে যে বাড়িতে থাকেন তার দাম ৪০ কোটি টাকা। গাড়ির সম্ভারে রয়েছে রেঞ্জ রোভার, মার্সিডিজ়, বিএমডব্লিউ।

বিয়ে নিয়েও কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন অমীষা।

Advertisement
আরও পড়ুন