Rhea Kapoor

নিউইয়র্কের অনুষ্ঠানে গিয়ে ক্ষতির মুখে রিয়া কপূর ও তাঁর দল, পুলিশের দ্বারস্থ অনিল-কন্যা

ফ্যাশন অনুষ্ঠানের জন্য দু’জোড়া হিরের দুল মুম্বইয়ের দুই নামজাদা গয়নাবিক্রেতার থেকে নিয়ে যান তাঁরা। বিদেশ থেকে ফিরে সেই হিরের দুল ফেরত দেওয়ার কথা ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১২:৫৪
কী সমস্যায় পড়লেন রিয়া কপূর?

কী সমস্যায় পড়লেন রিয়া কপূর? ছবি: সংগৃহীত।

১ কোটি ৩৫ লক্ষ টাকার হিরের দুল চুরির অভিযোগে মামলা দায়ের করলেন ‘রিয়া অনিল কপূর’ সংস্থার সদস্য রূপটানশিল্পী সভলীন সিংহ। কিছু দিন আগে নিউইয়র্কে ‘মেট গালা’ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। আলোচিত ফ্যাশন অনুষ্ঠানের জন্য দু’জোড়া হিরের দুল মুম্বইয়ের দুই নামজাদা গয়নাবিক্রেতার থেকে নিয়ে যান তাঁরা।

Advertisement

বিদেশ থেকে ফিরে সেই হিরের দুল ফেরত দেওয়ার কথা ছিল। ঘটনায় মুম্বইয়ের সহার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিয়ার দীর্ঘদিনের সহকারি তারকা রূপটানশিল্পী সভলীন হিরের দু’জোড়া দুল নিজের ব্যাগে রেখেছিলেন। ‘মেট গালা’ অনুষ্ঠানে ওই দুলজোড়া ব্যবহার করার কথা ছিল। দু’জোড়া দুলের আলাদা বাক্স ছিল।

রিয়া এবং তাঁর দল গত ২৭ এপ্রিল রাত ১০টা ২৫ মিনিটে ‘এমিরেট্‌স’-এর একটি বিমানে মুম্বই থেকে রওনা দেয়। দুবাই হয়ে তাঁরা ২৮ এপ্রিল স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছোয়।

চুরি যাওয়া গয়নাগুলি কেমন ছিল? ১৮ ক্যারেটের পান্না ও হিরেখচিত সোনার একজোড়া দুল ছিল। যার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এ ছাড়া অন্য একটি বাক্সে ছিল জাম্বিয়ান পান্না বসানো সোনার বর্ডারযুক্ত আরও এক জোড়া দুল। যার মূল্য ছিল প্রায় ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে চুরি যাওয়া গয়নার মোট মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।

মুম্বইয়ে ফিরে এসে সভলীন বিষয়টি পুলিশকে জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২) ধারায় চুরির মামলা রুজু করেছে।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। মুম্বই বিমানবন্দর, বিমানের ভিতর, দুবাই ট্রানজ়িট অথবা নিউইয়র্কে পৌঁছোনোর পর — সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement
আরও পড়ুন