আর কী জানালেন শোয়েব এবং দীপিকা? ছবি: সংগৃহীত।
ফের অসুস্থ দীপিকা কক্কড়। গত বছর মে মাস থেকে ভুগছেন তিনি। যকৃতে ক্যানসার ধরা পড়েছিল তাঁর। দীর্ঘ লড়াই করেছেন তার পর থেকে। ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছিলেন তিনি। তবে এর মধ্যেই ফের বিপত্তি। আবার যকৃতেই একটি টিউমার ধরা পড়েছে তাঁর। খবর প্রকাশ করেছিলেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম। এ বার যন্ত্রণা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
আগে যেমন কাঁধে ব্যথা করত, তেমনই ফের শুরু হয়েছিল। ভয় পেয়ে গিয়েছিলেন দীপিকা ও শোয়েব। অভিনেত্রী বলেছেন, “আবার আমার যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমার পাওয়া গিয়েছে। দু’দিন প্রবল যন্ত্রণায় ভুগেছি। আগের মতো কাঁধে ব্যথা হচ্ছিল। দু’জনেই ভয় পেয়ে যাই। চিকিৎসকের কাছে যাই। এই দিনটা আমার জন্য কঠিন ছিল। দয়া করে প্রার্থনা করুন।”
ফের শরীরে জাঁকিয়ে বসেছে ক্যানসার, আশঙ্কা করছেন দীপিকা ও শোয়েব। যদিও তাঁরা জানেন না, এই টিউমার ম্যালিগন্যান্ট কি না। পুত্র রুহানের জন্যও চিন্তায় দীপিকা। তিনি বলেন, “আমি সব সময়ে বলি, শুধু ক্যানসার নয়। যে কোনও অসুখের সঙ্গে বেঁচে থাকাই খুব কঠিন। চিকিৎসা চলছিল, তার মধ্যেই ফের ফিরে আসছে সেই অসুখ। চিকিৎসকেরা আমাকে আগেই প্রস্তুত থাকতে বলেছিলেন। কিন্তু আবার হচ্ছে, এটা জানতে পেরে এংব রুহানের (পুত্র) কথা ভেবে আমি ও শোয়েব খুবই আতঙ্কিত।”
গত জুনে যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকার। হাসপাতালে ভর্তি হলে টেনিস বল আকারের টিউমার বাদ দিয়েছিলেন চিকিৎসকেরা। দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। সংবাদমাধ্যমসূত্রে খবর, দিন দুই ধরে অল্প পেটব্যথায় ভুগছিলেন অভিনেত্রী। ২০ ফেব্রুয়ারি রাতে চিকিৎসকের কাছে যান। ধরা পড়ে, তাঁর যকৃতে ফের সিস্ট হয়েছে।