Fire Broke Out At Nusrat Jahan's Residence

আবাসনে আগুন! প্রাণ বাঁচাতে সন্তানদের নিয়ে পথে নুসরত-যশ, সায়ন্তিকা, শুভ্রজিৎ, বড় বিপদ থেকে রক্ষা

আচমকাই আগুন ধরে যায় তারকাখচিত বহুতলে। প্রাণ বাঁচাতে দ্রুত নীচে নেমে আসেন আবাসনের বাসিন্দারা। খবর, তিনটি দমকলের সহায়তায় আগুন আয়ত্তে আসে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮
যশ দাশগুপ্ত, নুসরত জাহান, শুভ্রজিৎ মিত্রের আবাসনে আগুন।

যশ দাশগুপ্ত, নুসরত জাহান, শুভ্রজিৎ মিত্রের আবাসনে আগুন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শিবরাত্রির দিন বড় বিপদ থেকে বাঁচলেন বাংলা বিনোদনদুনিয়ার একঝাঁক তারকা। রবিবাসরীয় সকালে আচমকা আগুন লাগে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি বহুতল আবাসনে। খবর, পঞ্চমতলায় লাগে আগুন। দেখতে দেখতে ছড়িয়ে পড়ে তা।

Advertisement

ওই বহুতলের বাসিন্দা অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, নুসরত জাহান, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র, অনন্যা চট্টোপাধ্যায়-সহ একাধিক খ্যাতনামী। প্রাণ বাঁচাতে বাকি বাসিন্দাদের সঙ্গে পথে নেমে আসেন তাঁরা। আনন্দবাজার ডটকম-কে নুসরত লিখিত বার্তায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। দমকলের তিনটি ইঞ্জিনের সহায়তায় আগুন আয়ত্তে আসে। তাঁরা নিরাপদেই আছেন। আগুন নিভে গিয়েছে।

কী ভাবে এত বড় অঘটন ঘটল? এ প্রসঙ্গে সবিস্তার জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ। তাঁর কথায়, “শুনেছি, পাঁচতলার এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পুজো হয়। প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তাঁরা। সেই প্রদীপ না নিবিয়েই তাঁরা নীচে নেমে আসেন, আবাসনের মন্দিরে শিবপুজো করবেন বলে। তাঁদের অনুপস্থিতিতে সম্ভবত বাড়ির প্রদীপ থেকে আগুন ধরে যায়।” দ্রুত ছড়াতে থাকে আগুন।

যশ-নুসরতের আবাসনে আগুন।

যশ-নুসরতের আবাসনে আগুন। ছবি: সংগৃহীত।

যে তলে আগুন লাগে তার ঠিক উপরের তলায় যশ-নুসরতের ফ্ল্যাট। প্রাণভয়ে দুই শিশুসন্তানকে নিয়ে সঙ্গে সঙ্গে নেমে আসেন তাঁরা। শুভ্রজিৎ বলেন, “১৮ তলায় থাকি। বাড়িতে অসুস্থ মা। তাঁকে নিয়ে নামতে একটু সময় লেগেছে আমার। কারণ, লিফট বন্ধ। তত ক্ষণে আবাসনের বাকি বাসিন্দারা দেখি সিঁড়ি বেয়ে ছুটছেন।” কালো ধোঁয়ায় ঢেকে যায় আবাসনের অনেকটা অংশ।

আরও খবর, ওই আবাসনের একটি ফ্ল্যাটে ১৪টি সারমেয় থাকে। বাসিন্দাদের পাশাপাশি তাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন