প্রয়াত অভিনেত্রী দিব্যাঙ্কা! ছবি: সংগৃহীত।
বিনোদনজগতে ফের অঘটন। মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু হল অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
উত্তরপ্রদেশের বিনোদনজগতের পরিচিত অভিনেত্রী দিব্যাঙ্কা। উত্তরপ্রদেশেই তাঁর বাড়ি। অভিনেত্রীর মৃত্যুর পরে শোকের ছায়া ছড়িয়েছে বিনোদনজগতে। অভিনেতারা ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন। তবে দিব্যাঙ্কার পরিবার থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম দিব্যাঙ্কার। যদিও বর্তমানে বাবা-মা ও ঠাকুরমার সঙ্গে গাজ়িয়াবাদে থাকতেন তিনি। চৌধরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে সিকিমের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন দিব্যাঙ্কা। অভিনেত্রীর এক ভাই এবং দুই বোন রয়েছেন।
আঞ্চলিক বিনোদনজগতে নিজের জায়গা তৈরি করেছিলেন দিব্যাঙ্কা। মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন তিনি। সমাজমাধ্যমেও জনপ্রিয় ছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ১৩ লক্ষ।
টিকটক থেকে সফর শুরু করেছিলেন দিব্যাঙ্কা। সেখান থেকেই তিনি নজরে এসেছিলেন বিনোদনজগতের। টিকটকে তাঁর বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হত একসময়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘‘শৈশব থেকেই অভিনয় ও নাচের প্রতি খুব আগ্রহ আমার। আমার ভিডিয়ো ভাইরাল হয়েছিল আমার অভিব্যক্তির জন্য।’’ ইনস্টাগ্রামেও নিয়মিত ভিডিয়ো পোস্ট করতেন দিব্যাঙ্কা।