Wedding Of Vijay-Rashmika

‘প্রাইমাল’ প্রথায় বিয়ে! প্রীতিভোজের আয়োজনে ব্যস্ত বিজয়-রশ্মিকা, আমন্ত্রিতের তালিকায় মন্ত্রী?

বিয়ের সাবেক প্রথাকেই বেছে নিয়েছিলেন তারকা নবদম্পতি। নিজেদের পারিবারিক ঐতিহ্যের কথা মাথায় রেখে দুই ধরনের মতে বিয়ে সারেন তাঁরা। আধুনিক সাজ সরিয়ে প্রথাগত সাজে নজর কাড়েন দু’জনেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৫
বিজয় দেবেরাকোন্ডা-রশ্মিকা মন্দানার বিয়ের প্রীতিভোজ কবে?

বিজয় দেবেরাকোন্ডা-রশ্মিকা মন্দানার বিয়ের প্রীতিভোজ কবে? ছবি: সংগৃহীত।

বিয়ের পরব শেষ। এ বার প্রীতিভোজের পালা। খবর, বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা নাকি ইতিমধ্যেই প্রীতিভোজের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছেন। বিনোদনদুনিয়ার রথী-মহারথীরা আমন্ত্রিত। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও।

Advertisement

বিজয়-রশ্মিকা উভয়ে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন তাঁকে। সেই ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তারকা নবদম্পতি একটি গণেশ মূর্তি উপহার দিয়েছেন শাহকে। প্রসঙ্গত, তারকাজুটিতে বিয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বিয়ের আগেই বিশেষ বার্তা পাঠিয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। আরও জানা গিয়েছে, ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে বসবে প্রীতিভোজের আসর।

তারকাদম্পতির আনুমানিক আড়াই কোটির বিয়েতে ছিল চমকের পর চমক। বিজয় এ দিন যেন দেববিগ্রহ। উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে উত্তরীয় আর সোনার ভারী গয়নায় সেজেছিলেন তিনি। রশ্মিকাও সেজেছিলেন সোনার গয়না আর সাবেকি সাজে। তেলুগু এবং কোডাভা রীতি মেনে দু’বার বিয়ে হয়েছে তাঁদের। আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশক আগের ‘প্রাইমাল’ রীতি মেনে টেরাকোটার উপাদান, ফুল, কলাপাতা ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ।

Advertisement
আরও পড়ুন