অভিষেকের সঙ্গে কাজ করেছিলেন জন আব্রাহাম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পুরুষসঙ্গই বেশি পছন্দ জন আব্রাহামের! সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন জন। কিন্তু কেন এমন মন্তব্য? জন এটাও জানান, পর্দায় অভিষেক বচ্চনকে চুম্বন করে ভালও লেগেছিল তাঁর। অভিনেতার বক্তব্য, বলিউডের পুরুষ তারকাদের তিনি কখনও প্রতিদ্বন্দ্বী হিসাবে মনেই করেননি। বরং মনে করেছেন, একসঙ্গে কাজ করলে বা একসঙ্গে ছবিমুক্তি পেলে আরও ভাল হবে। তাঁর কথায়, “আমি নিজেকে বুঝিয়েছি, আমরা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী নই। আমরা সতীর্থ। আমি কিন্তু আমার পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে বেশি স্বচ্ছন্দ বোধ করি। আমি অক্ষয় কুমার, শাহরুখ খান, বরুণ ধবন, অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করেছি। অভিষেককে তো আমি চুমুও খেয়েছি।”
পুরুষ তারকাদের সঙ্গে রসায়ন নিয়ে জনের স্পষ্ট বক্তব্য, “আমি পুরুষদের সামনে খুবই স্বচ্ছন্দ। সেই সৌন্দর্য পর্দায় ধরাও পড়ে।”
তবে বলিউড তাঁকে বরাবর বহিরাগত হিসাবে দেখেছে। বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাঁকে। মনে করেন জন। তাঁর কথায়, “আমি এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছি। যে দিন থেকে শুরু করেছি, সেই দিন থেকেই আমি সমালোচিত। ২০০৩ সালে এসেছিলাম বলিউডে। তখন কোনও বহিরাগত অভিনেতা ছিলেন না। তার আগে শুধু শাহরুখ খান ও অক্ষয় কুমার, এই দুই বহিরাগত অভিনেতা ইন্ডাস্ট্রিতে নাম করেছিলেন। আমি যে পরিমাণ সমালোচনার মধ্যে দিয়ে গিয়েছি, কেউ এতটা সহ্য করেনি।”
তবে সবটা নিজের মতো করে সহজ করে নিয়েছিলেন জন। তাঁর বক্তব্য, “আমার জন্য বিষয়টা খুব সহজ ছিল। আমি চোখে ঠুলি পরা একটা ঘোড়ার মতো ছিলাম। কোনও প্রত্যাশা করতাম না। আমার কোনও জনসংযোগ ছিল না। আমার মনে হয়, মানুষ আমার সততা আর আমি কোথা থেকে এসেছি, সেটা জানে।”