Kakababu Announcement

কাশ্মীরের ‘ভয়ংকর সুন্দর’ প্রকৃতির মাঝে রহস্যের সমাধানে কাকাবাবু, নতুন গল্পে ফিরছেন প্রসেনজিৎ

এই ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ছবি মুক্তি পেয়েছে জানুয়ারি মাসে। তার পরে একাধিক প্রেক্ষাগৃহে পৌঁছে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি দেখেছেন ছবির কলাকুশলীরা। সেখানেই বার বার তাঁরা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন, “পরের কাকাবাবু কবে আসবে?”

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৬
বড়পর্দায় ফিরছেন ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বড়পর্দায় ফিরছেন ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

২০২৭ সালে কাকাবাবু ফিরছেন বড়পর্দায়। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ছবির ঘোষণা করা হল প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’ ও ‘এনআইডিয়াজ়’-এর তরফে। ‘বিজয়নগরের হিরে’র পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরছেন ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে। অনুরাগী ও দর্শকের বিপুল ভালবাসার পরে তাদের উপহার হিসাবে এই ছবির ঘোষণা, জানিয়েছে প্রযোজনা সংস্থা।

Advertisement

‘ভয়ংকর সুন্দর’ ছবির পরিচালনার দায়িত্বও সামলাবেন চন্দ্রাশিস রায়। পরিচালকের আসনে তাঁর প্রত্যাবর্তন এই ফ্র্যাঞ্চাইজ়ির ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা নির্মাতাদের। সম্প্রতি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। এ প্রসঙ্গে তিনি বলেন, “কাকাবাবু শুধু একটা চরিত্র নয়। কাকাবাবু একটি অনুভূতি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে। চতুর্থ ছবির পরে যে ভালবাসা আমরা পেয়েছি তা হৃদয় স্পর্শ করেছে। দর্শকের মাঝে দাঁড়িয়ে পরের ছবির ঘোষণা, গোটা মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে। সকলের সঙ্গে মিলে উদ্‌যাপনের অনুভূতি পেয়েছি। প্রত্যেক ছবির সঙ্গে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর পাশাপাশি কাকাবাবুকে আরও প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করি।” এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ইন্দ্রদীপ দাশগুপ্ত।

এই ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ছবি মুক্তি পেয়েছে জানুয়ারি মাসে। তার পরে একাধিক প্রেক্ষাগৃহে পৌঁছে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি দেখেছেন ছবির কলাকুশলীরা। সেখানেই বার বার তাঁরা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন, “পরের কাকাবাবু কবে আসবে?” সেখান থেকেই নতুন ছবির ঘোষণা, তাও দর্শকের মাঝে দাঁড়িয়ে। একের পর এক ছবির সাফল্য এই চরিত্রের চিরকালীন গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করেছে বলে মত নির্মাতাদের।

ছবির নাম ঘোষণা হলেও আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনও খোলসা করা হয়নি। তবে এ বারের ছবি তৈরি হবে কাশ্মীরের প্রেক্ষাপটে।

Advertisement
আরও পড়ুন