New Hindi Mega Sairaab

হিন্দিতে লীনা-শৈবালের নতুন ধারাবাহিক, থাকবেন বাঙালি অভিনেতাও! ‘সৈরাব’ নিয়ে আর কী?

জুন মাসে হিন্দি ধারাবাহিক ‘সৈরাব’ নিয়ে আসছেন লীনা-শৈবাল। প্রথম ঝলক বলছে, গল্পের পটভূমিকায় এক নায়কের জীবন। আর কী তথ্য জানা গেল?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৮:২৮
আসছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘সৈরাব’।

আসছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘সৈরাব’। ছবি: সংগৃহীত।

২০২৩ সালের নভেম্বরে দ্বিতীয় হিন্দি ধারাবাহিক ‘ঝনক’ এনেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়। হিন্দি টেলিভিশনের দুনিয়ায় জুটির প্রথম ধারাবাহিক ‘রিস্তো কা মঞ্ঝা’। খবর, ‘ঝনক’ শেষ হয়ে যাচ্ছে চলতি মাসের শেষে। জুনে আসছে লীনা-শৈবালের তৃতীয় ধারাবাহিক ‘সৈরাব’।

Advertisement

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল লীনার সঙ্গে। তিনি কথার শুরুতেই জানিয়েছেন, ধারাবাহিক নিয়ে এখনই তাঁর পক্ষে বেশি কিছু বলা সম্ভব নয়। তার মধ্যেও কিছু তথ্য ভাগ করে নিয়েছেন কাহিনিকার-চিত্রনাট্যকার-প্রযোজক। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে। যা দেখে দর্শকের মনে হয়েছে, এ বার তিনি ছোটপর্দায় এক গায়কের জীবন তুলে ধরতে চলেছেন। টিজ়ার দেখে অনেকেরই ধারণা, গল্পে ত্রিকোণ প্রেম থাকছে। এক গায়কের সঙ্গে প্রেম এক তরুণীর। কিন্তু সেই গায়ক আসলে নাকি তরুণীর মায়ের প্রতি আকৃষ্ট! ফলে, ফের শোরগোল বিনোদনদুনিয়ায়।

সে রকমই কি দেখাতে চলেছেন লীনা? এই প্রশ্নের জবাবে তিনি নস্যাৎ করেছেন সব গুঞ্জন। স্পষ্ট বলেছেন, “এ রকম কিছুই দেখানো হচ্ছে না। গল্পে ত্রিকোণ প্রেম বা পরকীয়া নেই।” লীনার ধারাবাহিকে সব সময় বাঙালিয়ানা, বাংলার সংস্কৃতি, মধ্যবিত্ত পরিবার প্রাধান্য পেয়েছে। ধারাবাহিক ‘ঝনক’-এ তিনি এক বাঙালি পরিবারের গল্প দেখিয়েছেন। সেখানে একাধিক বাঙালি অভিনেতাও অভিনয় করেছেন। যেমন, রণজয় বিষ্ণু, অঙ্কিতা চক্রবর্তী, ভরত কল, ঋষি কৌশিক, মিশমি দাস এবং আরও অনেকে। ধারাবাহিকের নায়ক ক্রুশল আহুজা বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ।

পাশাপাশি ধারাবাহিকে জায়গা করে নিয়েছিল বাংলার মনসামঙ্গল, ছৌ নাচ! ‘সৈরাব’-এও কি সেই ধারা বজায় থাকছে? লীনার কথায়, “এখানেও বাঙালি অভিনেতারা অভিনয় করবেন। বাঙালি পরিবারের গল্প দেখানো হবে ধারাবাহিকে।” যদিও এর বেশি কিছু ভাঙতে রাজি নন তিনি। প্রসঙ্গত, ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে রোহিত চন্দেলকে। ছোটপর্দায় তিনি ‘ইশান’। পেশায় পপ-তারকা। নয়নিকা সেই তরুণীর মা, যিনি (তরুণী) নায়কের প্রতি আকৃষ্ট। ‘নয়নিকা’র ভূমিকায় অভিনয় করবেন মদিরাক্ষী মুন্ডলে। পর্দায় তিনি চিকিৎসক। একদা গায়কের হারানো কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছিলেন! তরুণীর তিনি ‘একা মা’। সব ঠিক থাকলে ধারাবাহিকটি দেখানো হবে ২ জুন থেকে। থাকবে দুর্গাপুজোর আবহ, হাওড়া ব্রিজ।

‘সৈরাব’ শব্দের বাংলা অর্থ প্রস্ফুটিত। ধারাবাহিকে কী প্রস্ফুটিত হবে? লীনা জানিয়েছেন, পর্দা জুড়ে প্রেম প্রস্ফুটিত হওয়ার প্রসঙ্গ উঠে আসবে। বাংলায় লীনা-শৈবাল জুটির আপাতত শেষ ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’। বাঙালি দর্শককে এই জুটি আবার কবে নতুন ধারাবাহিক উপহার দেবেন? লীনার সাফ জবাব, “যথা সময়ে সবাই সব জানতে পারবেন।”

Advertisement
আরও পড়ুন