(বাঁ দিকে) ফরমান খান, (ডান ডিকে) মোনালিসা ভোসলে। ছবি: সংগৃহীত।
গত মাসেই কেরলের তিরুঅনন্তপুরমে বিয়ে সেরেছিলেন ‘মহাকুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসা। সমাজমাধ্যমে আলাপ হওয়া মহারাষ্ট্রের যুবক ফরমান খানকে বিয়ে করেন তিনি। তখন তাঁর পরিবারের বক্তব্য ছিল যে, মোনালিসা অপ্রাপ্তবয়স্ক। তাদের অভিযোগ ছিল, যে নথি দেখিয়ে মোনালিসা প্রমাণ করার চেষ্টা করেছেন যে, তিনি অপ্রাপ্তবয়স্ক নন, সেই নথি ভুয়ো। এর পরিপ্রেক্ষিতে তাঁর পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন মোনালিসা। বলেন, পরিবার মিথ্যা কথা বলছে। এ ছাড়াও মোনালিসার বিয়েকে কেন্দ্র করে ‘লভ জিহাদ’-এর বিতর্কও উঠেছিল। এ বার স্বামী ফরমানের দাবি, মোনালিসা মা হতে চলেছেন।
মোনালিসার মায়ের অভিযোগ ছিল, মোনালিসার জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তাঁকে বিয়ে করেছেন ফরমান। এর জেরে তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা করে মোনালিসার পরিবার। পুলিশ তলব করে মোনালিসাকে। নিজের বয়ান রেকর্ড করানোর জন্য থানায় হাজিরা দেওয়ার কথা ছিল মোনালিসার। এরই মধ্যে মোনালিসার স্বামী ফরমান জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা। তাই এই মুহূর্তে মোনালিসা জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে পারবেন না।
ফরমানের দাবি আদৌ কতটা সত্যি, তার তদন্তে নেমেছে পুলিশ। এ দিকে, মাঝে কয়েক দিন মোনালিসা নিখোঁজ ছিলেন বলেও দাবি করেন তাঁর স্বামী। যদিও ফের কোথা থেকে স্ত্রীকে খুঁজে বার করলেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেননি তিনি। এ বার মোনালিসার পরিবারের করা দাবি সত্যি প্রমাণিত হলে আগামী দিনে তাঁর স্বামী যে বিপাকে পড়বেন, তা বলাই বাহুল্য।