ওটিটি-তে কী কী থাকবে সপ্তাহান্তে? ছবি: সংগৃহীত।
ফুটবল বিশ্বকাপের আবহ। বিশ্বব্যাপী মানুষ এখন তাতেই মজে রয়েছে। তাই আগামী কয়েক সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুযোগ তুলনামূলক কম বলেই মনে করা হচ্ছে। তবে ওটিটি-তে রয়েছে একগুচ্ছ আকর্ষণীয় ছবি ও সিরিজ়। ফুটবল ম্যাচ দেখার পাশাপাশি এই ওটিটি ছবি বা সিরিজ়ও সমানতালে দেখতেই পারেন চলচ্চিত্রপ্রেমীরা।
১) আই উইল ফাইন্ড ইউ: হার্লন কোবেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ়। ইতিমধ্যেই এই সিরিজ়ের ঝলক নজর কেড়েছে। নিজের ছেলেকে খুন করার অভিযোগ তার দিকে। কিন্তু নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হঠাৎ সে এমন কিছু প্রমাণ খুঁজে পায়, যা থেকে মনে হয় তার ছেলে হয়তো এখনও বেঁচে আছে। এর পর ডেভিড কারাগার থেকে পালিয়ে সত্যের খোঁজে এক বিপজ্জনক যাত্রা শুরু করে। টানটান রহস্যময় এই সিরিজ় ১৮ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।
২) অব হোগা হিসাব: পঞ্জাবের পটভূমিতে তৈরি এই প্রতিশোধের গল্প উঠে আসবে এই ওয়েব সিরিজ়ে। অভিনয় করেছেন শাহির শেখ। তাঁকে দেখা যাবে ববি নামের একটি চরিত্রে। কানাডা থেকে দেশে ফিরে ববির জীবন বদলে যায়। তার ভাই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। ভাইকে খুঁজতে গিয়ে ববি জানতে পারে এক মানবপাচার চক্রের কথা। দুর্নীতি, বিশ্বাসঘাতকতার মধ্যে ববি ন্যায়বিচারের জন্য লড়াই শুরু করে। ওয়েব সিরি়জ়ে অভিনয় করেছেন মৌনী রায় ও সঞ্জয় কপূরও। অ্যামাজ়ন এমএক্স প্লেয়ারে ১৮ জুন থেকে দেখা যাবে এই সিরিজ়।
৩) দৃশ্যম ৩: এই ছবির জনপ্রিয়তা সারা দেশ জুড়ে। টান টান রহস্যে মোড়া এই ছবির জন্য বহু দিন অপেক্ষা করেছিলেন দর্শক। ছবিতে ফের বিপদে পড়ে মোহনলাল অভিনীত জর্জকুট্টি ও তার পরিবার। বরুণের বাবা এক প্রাক্তন দুর্নীতিগ্রস্ত পুলিশের সঙ্গে হাত মিলিয়ে জর্জকুট্টির পরিবারকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পনা করে। মেয়েকে বাঁচাতে জর্জকুট্টি পাল্টা লড়াই শুরু করে। শেষ পর্যন্ত পরিবারের নিরাপত্তার বিনিময়ে সে বরুণকে খুন করার কথা স্বীকার করে? এই ছবি অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় দেখা যাবে ১৮ জুন থেকে।
৪) ওয়েসিস: স্পেনের একটি বিলাসবহুল হোটেলে তৈরি এই রোমাঞ্চকর সিরিজ়। স্বপ্নের মতো ছুটি কাটাতে এসেছিল কয়েক জন। কিন্তু তাদের জীবন হঠাৎ দুঃস্বপ্নে পরিণত হয়। এক তরুণী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে। এর মধ্যে অতিথি ও কর্মীরা আটকে পড়ে হোটেলে। আর একে একে সামনে আসতে থাকে লুকিয়ে থাকা নানা রহস্য। এই থ্রিলার সিরিজ়ও নেটফ্লিক্সে দেখা যাবে ১৯ জুন থেকে।
৫) ভয়েস মেল্স ফর ইসাবেল: এই রোমান্টিক কমেডি-ড্রামায় দেখা যাবে জিলের গল্প। বোনকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারে না জিল। তাই বোনের পুরনো ফোন নম্বরে ব্যক্তিগত বার্তা পাঠাতে থাকে সে। কিন্তু সেই নম্বরটি এখন ওয়েস বলে এক মহিলার কাছে পৌঁছে যায়। ক্রমশ ওয়েস-এর সঙ্গে আবেগে জড়াতে থাকে জিল। ১৯ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ়।