বিজয় থলপতির জন্যে কান্নায় ভেঙে পড়লেন তাঁর এক অনুরাগী! ছবি: সংগৃহীত।
দক্ষিণী অভিনেতা-রাজনীতিক বিজয় থলপতির বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়লেন এক অনুরাগী। ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিয়ো। বৃহস্পতিবার সকালে বিজয়ের বাড়ির সামনের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তে অনেকে বিস্মিত হয়েছিলেন। তবে জানা গিয়েছে, অভিনেতার জন্য প্রার্থনা করতেই ওই ব্যক্তি উপস্থিত হয়েছিলেন বিজয়ের বাড়ির সামনে।
যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা গিয়েছে, বিজয়ের বাড়ির সামনে হাঁটুমুড়ে বসে প্রার্থনা করছেন ওই ভক্ত। প্রার্থনার পরে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বিজয়ের বাড়ির বাইরে কোনও পুলিশি নিরাপত্তা না থাকায় ক্ষোভও প্রকাশ করেন ওই ব্যক্তি।
কাঁদতে কাঁদতে বিজয়ের অনুরাগী বলেন , “থলপতি বিজয় অবশ্যই মুখ্যমন্ত্রী হবেন। সংবাদমাধ্যম যা-ই বলুক না কেন, তিনিই সেই জায়গায় পৌঁছোবেন। যত বাধাই আসুক, তিনি তার মোকাবিলা করে এগিয়ে যাবেন। এত কষ্ট করে এখানে পৌঁছোনোর পরে এই ধরনের ঘটনা দেখে খুব কষ্ট হচ্ছে। এখানে একজন পুলিশকর্মীও নেই। কী বলব বুঝতে পারছি না।”
একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বিজয়ের বাড়ির বাইরে থাকা নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে। খবর, বুধবার পর্যন্ত অভিনেতার বাড়ির সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এর আগে বুধবার রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর–এর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। কংগ্রেস তাদের আগের জোটসঙ্গী ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে টিভিকে-কে সমর্থন করার ঘোষণা করার পরেই এই পদক্ষেপ করেন তিনি।
প্রথম বার নির্বাচনে অংশ নিয়েই ২৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে টিভিকে। ফলে ডিএমকে ও এআইএডিএমকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেমে যায়।
কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পেলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক সংখ্যা থেকে এখনও পিছিয়ে রয়েছে বিজয়ের দল। সূত্রের খবর, রাজ্যপাল আরলেকর বিজয়কে ১১৮ জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে বলেছেন, তারপরই সরকার গঠনের আমন্ত্রণ জানানো হতে পারে।