Piyush Mishra

‘সেই দিন ওকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম’, বিবাহবহির্ভূত সম্পর্কের কথা কী ভাবে স্ত্রীকে জানান পীযূষ?

অভিনেতা জানান, প্রিয়াকে নিজের স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতেই তাঁর ১০-১৫ বছর সময় লেগে গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২০:৫৮
স্ত্রীকে প্রতারণা করেছিলেন পীযূষ?

স্ত্রীকে প্রতারণা করেছিলেন পীযূষ? ছবি: সংগৃহীত।

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেতা ও গায়ক পীযূষ মিশ্র।

Advertisement

আত্মজীবনী ‘তুমহারি অওকাত কেয়া হ্যায় পীযূষ মিশ্র’ বইয়েও তিনি বিবাহবহির্ভূত সম্পর্কের কথা উল্লেখ করেছেন। স্ত্রী প্রিয়া নারায়ণনের কাছে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন তিনি। সে কথাও আত্মজীবনীতে উল্লেখ করেন পীযূষ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা স্বীকার করেন, বিয়ের শুরুর দিকে তিনি ভাল স্বামী ছিলেন না। কিন্তু বর্তমানে তাঁর স্বীকারোক্তি, “এখন আমি ভাল স্বামী, আগে ছিলাম না। একসময় আমি একদমই দায়িত্বশীল ছিলাম না। আর বিয়ে বিষয়টাই খুব বড় দায়িত্ব। ২০ বছর বয়সে প্রেমে পড়লে সেখানে কোনও যুক্তি থাকে না, সেটাই তার সৌন্দর্য। কিন্তু ৩৫-এর পরে আপনি সেই মানুষটিকেই ভালবাসেন, যে আপনার সঙ্গে বার্ধক্য পর্যন্ত থাকতে চায়।”

অভিনেতা আরও জানান, প্রিয়াকে নিজের স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতেই তাঁর ১০-১৫ বছর সময় লেগে গিয়েছিল। তিনি বলেন, “আমি এক জন স্বামী হয়ে গিয়েছি, এটা উপলব্ধি করতেই আমার অনেকটা সময় লেগে যায়। প্রায় ১০-১৫ বছর লেগেছিল বুঝতে যে প্রিয়া আমার স্ত্রী। তার আগে, ও শুধু একজন নারী ছিল, যে আমার সন্তানের মা, রান্না করত আর সংসার সামলাত। এর বাইরে ওর প্রতি আমার কোনও অনুভূতি ছিল না। আমি খুব রুক্ষ ধরনের মানুষ ছিলাম। শুধু প্রিয়ার সঙ্গে নয়, সব ক্ষেত্রেই বড্ড রুক্ষ ছিলাম। আমি কিছুই অনুভব করতাম না।”

বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও স্বীকার করেছিলেন তিনি। তিনি বলেন, “আমি আমার ভুল বুঝলাম। এক দিন ওকে বসিয়ে সব বলেছিলাম। আমরা দু’জনেই খুব কেঁদেছিলাম। তার পর একে অপরকে জড়িয়ে মনের বোঝা হালকা করেছিলাম। ও বলেছিল, ‘তুমি ভুল করেছ, আমিও করেছি। তুমি বেশি, আমি কম। এ সব এখানেই শেষ করি।’ এর পর আমাদের বোঝাপড়া আরও মজবুত হয়।”

সম্পর্কে প্রতারণার পরেও কেন থেকে গেলেন স্ত্রী? গায়ক অভিনেতার বক্তব্য, “ও আমাকে সত্যিই ভালবাসত। আমার জন্য বাড়ি থেকে পালিয়ে এসে, বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিল। ও অনেক ত্যাগ করেছে। ও এটাও বলেছিল, ‘তুমি যা খুশি করো, আমি তোমাকে ছেড়ে যাব না।’”

Advertisement
আরও পড়ুন