দুয়া কেমন বাচ্চা? মুখ খুললেন প্রকাশ —ফাইল চিত্র।
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের কোলে প্রথমে আসে কন্যা দুয়া পাড়ুকোন। কিছুটা বড় হয়েছে সে। দুয়া কেমন, বাবা-মায়ের সঙ্গে তার কেমন সমীকরণ, তা নিয়ে মুখ খুলেছেন দাদু প্রকাশ পাড়ুকোন।
দেশের একসময়ের প্রখ্যাত ব্যাডমিন্টন তারকা প্রকাশ জানিয়েছেন, তিনি এখন দাদু হিসাবে সময় উপভোগ করছেন। মেয়ে ও জামাই মা-বাবা হিসাবে কেমন, তা নিয়েও কথা বলেছেন প্রকাশ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অবশ্যই দীপিকা অনেক বেশি দায়িত্ব নেয়। তবে রণবীর যখন কাজের মধ্যে থাকে না, তখন সে-ও অনেক সাহায্য করে। দুই পরিবারের সদস্যেরাও সাহায্য করার জন্য পাশে আছেন।”
প্রকাশ জানান, আগে তিনি ভাবতেন, কেন দাদু-দিদারা নাতি-নাতনিদের নিয়ে এত চিন্তা করেন। কিন্তু দুয়ার জন্মের পর তিনি নিজেই উপলব্ধি করেছেন সেই অনুভূতি। দুয়াকে সাধারণ জীবনযাপনের অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করানোর ইচ্ছার কথাও বলেন তিনি। তাই নাতনিকে নিয়ে মেট্রোতে চড়েন, অটোয় ঘোরেন এবং সন্ধ্যায় কাছের কোনও পার্কেও নিয়ে যান। প্রকাশ জানান, বেশির ভাগ তারকাসন্তানেরা যে সাধারণ অভিজ্ঞতাগুলো থেকে দূরে থাকে, দুয়া সেগুলো ছোট থেকেই পাচ্ছে।
দুয়াকে খুব মিশুকে শিশু বলেও উল্লেখ করে প্রকাশ। তিনি বলেন, “আমরা একটি স্টেশনের কাছে থাকি। তাই ও ট্রেন দেখতে খুব পছন্দ করে। ও খুব মিশুকে, তাই সবার সঙ্গে কথা বলতেও ভালবাসে। প্রায় সবাইকে দেখলেই ও ‘হ্যালো’ বলে। ছোট থেকেই ও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এতে ওর অনেক উপকার হয়েছে। ও খুব দ্রুত বড় হয়ে উঠছে এবং এখন ওর জীবনের একটা খুব সুন্দর সময় চলছে।”
উল্লেখ্য, ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ ছবির শুটিংয়ের সময়ে দীপিকা ও রণবীরের প্রেমের সম্পর্ক শুরু হয়। ছবিটি পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। ২০১৮ সালের নভেম্বর মাসে ইটালির লেক কোমোতে ঘনিষ্ঠ পরিজনকে সাক্ষী রেখে বিয়ে করেছিলেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। পরে দীপাবলির সময়ে তাঁরা মেয়ের নাম প্রকাশ করেন।
দুয়ার জন্মের পর থেকে দীপিকার জীবনেও এসেছে নানা বদল। এখন তাঁর জীবনে অগ্রাধিকার পায় একরত্তি। কোনও ন্যানি নয়, নিজে হাতে মেয়েকে বড় করার ইচ্ছার কথাও জানিয়ছিলেন দীপিকা। তাই আট ঘণ্টার বেশি শুটিং করবেন না, এই শর্ত দিয়েছিলেন অভিনেত্রী, যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। দীপিকাকে পরবর্তীকালে দেখা যাবে ‘কিং’ ছবিতে। শুটিংয়ের জন্য কিছু দিন আগে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে শাহরুখ খানের সঙ্গে তাঁর শুটিংয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছিল।