Asha Bhosle demise

‘আমার স্বপ্নপূরণ হয়েছিল সে দিন’, আশার প্রয়াণে শোকস্তব্ধ প্রসেনজিৎ, কোন ঘটনা মনে পড়ল তাঁর?

শুধু গায়িকা নন, ব্যক্তি আশাকেও কাছ থেকে দেখেছিলেন প্রসেনজিৎ। তাঁর পরিচালিত অনেক ছবিতেই গান গেয়েছিলেন আশা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৪:১০
আশাকে নিয়ে কোন স্মৃতি প্রসেনজিতের?

আশাকে নিয়ে কোন স্মৃতি প্রসেনজিতের? ছবি: সংগৃহীত।

শোকের ছায়া গোটা দেশের বিনোদনজগতে। হিন্দির পাশাপাশি অসংখ্য বাংলা গান গেয়েছিলেন আশা ভোসলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একাধিক ছবিতেও রয়েছে তাঁর বহু জনপ্রিয় গান। তাই আশা ভোসলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে শোকাচ্ছন্ন সেই সব ছবির নায়ক প্রসেনজিৎ।

Advertisement

আনন্দবাজার ডট কম-এর কাছে শোকপ্রকাশ করেন প্রসেনজিৎ। গানের জগতে এক নতুন ধারা তৈরি করেছিলেন আশা, মনে করেন অভিনেতা। তিনি বলেন, “ওঁর গাওয়া প্রতিটি গান আজও আমরা গাই। সেটা বাংলাই হোক বা হিন্দি। বহু দূর থেকে শুনলেও ওঁর গান বোঝা যেত। অদ্ভুত একটা ব্যাপার ছিল ওঁর কণ্ঠে।”

শুধু গায়িকা আশা নন, ব্যক্তি আশাকেও খুব কাছ থেকে দেখেছিলেন প্রসেনজিৎ। তাঁর পরিচালিত ‘পুরুষোত্তম’ ছবিতে গান গেয়েছিলেন আশা। সুরকার ছিলেন রাহুল দেববর্মন। অভিনেতার কথায়, “আমার পরিচালিত ছবিতে তিনি গান গাইতে এসেছিলেন। সেই গানের সুরকার ছিলেন রাহুল দেববর্ম ওই দিনগুলো স্বপ্নের মতো। ওই দিনগুলো মনে করছি। ওঁর যা যা গান রয়েছে, তা আজীবন থেকে যাবে।” প্রসেনজিৎ জানান, তাঁর মা-ও আশা ভোসলের গানের ভক্ত ছিলেন। অভিনেতা বলেন, “সত্যিই আজ বড় ক্ষতি হল। ওঁর গান থেকে যাবে। গান বলতেই সবার আগে এখনও আসে লতা-আশারই নাম।”

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অমরসঙ্গী’, ‘আপন পর’, ‘আক্রোশ’, ‘চোখের আলোয়’, ‘আশা ও ভালবাসা’ ছবিতে গান গেয়েছিলেন আশা ভোসলে। তার মধ্যে বেশ কয়েকটি গান ছিল বেশ জনপ্রিয়।

উল্লেখ্য, রবিবার প্রয়াত হন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। শনিবার আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, অঙ্গ বিকল হওয়ায় মৃত্যু হয়েছে আশার। গায়িকার মৃত্যুর খবরে শোকস্তব্ধ দেশের সঙ্গীতজগৎ। গায়িকার পুত্র জানিয়েছেন, সোমবার লোয়ার পারেলের বাড়িতে শেষ শ্রদ্ধা জানানো যাবে। বিকেল চারটেয় শিবাজী পার্কে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisement
আরও পড়ুন